বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিং মল, মার্কেট ও দোকানপাট
বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিং মল, মার্কেট ও দোকানপাট

আগের সময়সূচিতে ফিরল দোকানপাট–মার্কেট-শপিং মল, বন্ধ রাত ৮টায়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেওয়া সাময়িক ছাড়ের মেয়াদ শেষ হওয়ায় গতকাল শুক্রবার থেকে আগের সময়সূচিতে ফিরেছে শপিং মল, মার্কেট ও দোকানপাট। এখন থেকে এসব প্রতিষ্ঠান বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।

৫ অক্টোবর বিদ্যুৎ বিভাগের এক নির্দেশনায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২২ অক্টোবর পর্যন্ত শপিং মল, মার্কেট ও দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছিল।

নির্দেশনায় বলা হয়েছিল, ২৩ অক্টোবর থেকে এসব প্রতিষ্ঠানের পূর্বনির্ধারিত সময়সূচি বহাল থাকবে। সে অনুযায়ী, বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে শপিং মল, মার্কেট ও দোকানপাট।

বিদ্যুৎ সাশ্রয় ও ব্যবস্থাপনার অংশ হিসেবে গত ১২ আগস্ট দেশের সব শপিং মল, দোকানপাট রাত ৮টা পর্যন্ত খোলা রাখার নির্দেশনা দেওয়া হয়।

একই সঙ্গে সন্ধ্যা ৭টার পর দোকানপাট ও শপিং মলে আলোকসজ্জা না করার নির্দেশনা দিয়েছিল বিদ্যুৎ বিভাগ।