রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ
ফাইল ছবি: বাসস

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

বাংলাদেশের রাষ্ট্রপ্রধান এক শোকবার্তায় রানি দ্বিতীয় এলিজাবেথের আত্মার শান্তি কামনা করেন। শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান তিনি।

রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে গতকাল বৃহস্পতিবার মারা যান।

গতকাল স্থানীয় সময় সন্ধ্যা সাতটার কিছু আগে ঘোষণা করা হয় যে দুপুরে রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যু হয়েছে।

রানি দ্বিতীয় এলিজাবেথ

রানি দ্বিতীয় এলিজাবেথের শেষকৃত্য রাষ্ট্রীয় মর্যাদায় অনুষ্ঠিত হবে। তাঁর রাষ্ট্রীয় শেষকৃত্যে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানেরা অংশ নেবেন।

দ্বিতীয় এলিজাবেথের পুরো নাম এলিজাবেথ আলেকজান্দ্রা মেরি উইন্ডসর। তাঁর জন্ম ১৯২৬ সালের ২১ এপ্রিল।

১৯৫২ সালের ফেব্রুয়ারিতে বাবা রাজা জর্জের মৃত্যুর পর দ্বিতীয় এলিজাবেথ সিংহাসনে বসেন। তিনি কমনওয়েলথের প্রধান হন।

রানি দ্বিতীয় এলিজাবেথ টানা সাত দশক সিংহাসনে আসীন ছিলেন। গত জুন মাসে তিনি তাঁর সিংহাসনে আরোহণের ৭০ বছর পূর্তি উদযাপন করেন।

ব্রিটিশ রাজতন্ত্রের দীর্ঘ ইতিহাসে রানি দ্বিতীয় এলিজাবেথই সবচেয়ে দীর্ঘ সময় সিংহাসনে অধিষ্ঠিত থেকেছেন।