মশার ওষুধ কেনাকাটার অনিয়ম খুঁজতে তদন্ত কমিটি গঠন

চট্টগ্রাম সিটি করপোরেশনে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)
ফাইল ছবি: দুদকের সৌজন্য

নির্দিষ্ট ঠিকাদারের কাছ থেকে মশার ওষুধ কেনার অনিয়ম খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন। সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবিরকে প্রধান করে আজ বুধবার এই কমিটি গঠন করা হয়। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ মুহম্মদ তৌহিদুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়, চট্টগ্রাম সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের কেনা মশার ওষুধ নিয়ে দুদকের অভিযান পরিচালনা এবং এ বিষয়ে পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। এই বিষয়ে তদন্ত করে মেয়রকে প্রতিবেদন দেওয়ার কথা বলা হয়।

৯ ফেব্রুয়ারি মশার ওষুধ কেনাকাটার দুর্নীতি খতিয়ে দেখতে নগরের টাইগারপাসে সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ে অভিযান পরিচালনা করে দুদক। অভিযান শেষে দুদক কর্মকর্তারা বলেন, প্রাথমিক তদন্তে মশার ওষুধ কেনায় দুর্নীতির প্রমাণ পেয়েছেন তাঁরা। পরিচ্ছন্ন বিভাগের নথিপত্র যাচাই করে তাঁরা দেখেন ২০২১ সালের ডিসেম্বর থেকে ২০২২ সালের অক্টোবর পর্যন্ত ছাত্রলীগ নেতা অরভিন সাকিব ইভানের প্রতিষ্ঠান মেসার্স বেঙ্গল মার্ক ইন্টারন্যাশনাল থেকে ৭৭ লাখ ৩৭ হাজার ৩০০ টাকার ওষুধ কেনা হয়েছে।

সরকারি ক্রয়বিধি অনুযায়ী, ৫ লাখ টাকার বেশি কেনাকাটা করতে হলে দরপত্র আহ্বান করতে হয়। কিন্তু একই ব্যক্তিকে কাজ দিতে কেনাকাটার অর্থ ৫ লাখ টাকার নিচে রাখতে ১৬ লটে ভাগ করে ওষুধ কেনা হয়। তদন্ত শেষে প্রতিবেদন দুদকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। কমিশনের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

অভিযোগ রয়েছে, মশা মারার ওষুধ কেনায় নিয়ম মানে না চট্টগ্রাম সিটি করপোরেশন। সরকারি তহবিলের টাকায় কেনাকাটা করতে হয় ই-জিপির (ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট) মাধ্যমে; দিতে হয় দরপত্র বিজ্ঞপ্তি। কিন্তু দরপত্র না দিয়ে ‘পছন্দের’ ঠিকাদারের কাছ থেকে কেনা হয় ওষুধ। এই ‘অনিয়ম’ বারবার করে যাচ্ছে সংস্থাটি।

ছাত্রলীগ নেতা অরভিন সাকিব চট্টগ্রামের রাজনীতিতে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী। আ জ ম নাছির উদ্দীন মেয়র থাকার সময় মশকনিধনের ওষুধ সরবরাহের সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি।