
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুনে ৪৬ জনের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দাখিল করা তদন্ত প্রতিবেদন গ্রহণ করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালত আজ রোববার প্রতিবেদন আমলে নিয়ে পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দিয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক জিন্নাত আলী এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, মামলায় ২২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তাঁদের মধ্যে ৯ জন বিভিন্ন সময়ে গ্রেপ্তার হয়েছেন এবং ১৩ জন পলাতক। পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। আগামী ১৯ মে গ্রেপ্তারি পরোয়ানা তামিল প্রতিবেদন দাখিলের দিন রেখেছেন আদালত।
মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক মো. শাহজালাল মুন্সি ২ এপ্রিল এ মামলায় আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন।
২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুন লাগে। এতে আগুনে পুড়ে ৩ জন এবং ধোঁয়ায় শ্বাস রোধ হয়ে ৪৩ জন মারা যান।
ঘটনার পর রাজধানীর রমনা থানায় একটি মামলা করা হয়। পরে মামলাটির তদন্তভার সিআইডিকে দেওয়া হয়। প্রায় দুই বছর তদন্ত শেষে ভবনের মালিকপক্ষ আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. রমজানুল হক নিহাদসহ ২২ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয় সংস্থাটি।