দেশের বিভিন্ন অঞ্চলে কারখানা বন্ধ করে ৫০ হাজারের বেশি শ্রমিকের বেকারত্ব তৈরির পাশাপাশি এখনো বকেয়া মজুরি সমস্যার সমাধান না করায় নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে গণতান্ত্রিক অধিকার কমিটি। অবিলম্বে শ্রমিক ও শিল্প খাতের সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকারকে ভূমিকা রাখার দাবিও জানিয়েছে তারা।
গতকাল শুক্রবার কমিটির এক সাধারণ সভায় এ দাবি জানানো হয় বলে আজ শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অধ্যাপক আনু মুহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় ডা. হারুন উর রশীদ, ডা. গোলাম রাব্বানী, মানবাধিকারকর্মী ইলিরা দেওয়ান, গবেষক মাহতাব আহমেদ, সাংস্কৃতিক কর্মী সুমিতা রায়, একরাম হোসেন, আফজাল হোসেন, সুজিৎ চৌধুরীসহ গণতান্ত্রিক ছাত্র জোট, শ্রমিক সংগঠন ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সংবাদ মাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের বরাতে সভায় জানানো হয়, দেশের গাজীপুর ও সাভার এলাকায় স্থায়ী এবং অস্থায়ীভাবে তৈরি পোশাক ও বস্ত্রশিল্পের ৬৮টি কারখানা স্থায়ী এবং অস্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে অর্ধলক্ষাধিক শ্রমিক কাজ হারিয়েছেন, তাঁদের চার থেকে ছয় মাসের মজুরি এখনো বকেয়া৷ এ সমস্যা সমাধানে অন্তর্বর্তী সরকার এখনো কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
সভায় বলা হয়, গত বছরের ৩০ সেপ্টেম্বর আশুলিয়ায় বকেয়া মজুরির দাবিতে আন্দোলনরত শ্রমিকদের ওপর যৌথবাহিনীর গুলিতে কাউসার নামক একজন শ্রমিক নিহত এবং চারজন আহত হন। আহত ব্যক্তিদের সেনাবাহিনীর পক্ষ থেকে চিকিৎসা দেওয়া হলেও ফিরে আসার পর তারা কাজ থেকে ছাঁটাই হয়েছে বলে অভিযোগ করে কমিটি। একইভাবে ২১ জানুয়ারি বেক্সিমকো কোম্পানির ১৬টি কারখানা লে অফের প্রতিবাদে শ্রমিকদের সমাবেশ দুষ্কৃতকারীরা হামলা করলে হামলাকারীদের গ্রেপ্তার করার বদলে শ্রমিকদের অধিকার নিয়ে সোচ্চার গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের আশুলিয়া থানার সভাপতি খোরশেদ আলমকে মিথ্যা মামলা দিয়ে গ্রেপ্তার করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, বন্ধ হওয়া কারখানার শ্রমিকের দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে বলে ইতোমধ্যে শ্রম সংস্কার কমিশন থেকে বলা হয়েছে। কোনো কারখানা শ্রমিকের বকেয়া বেতন ও সার্ভিস বেনিফিট না দিলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সম্পত্তি বিক্রি করে হলেও তা পরিশোধের ব্যবস্থা করতে হবে সরকারকে।
অন্তর্বর্তী সরকারকে অবিলম্বে শ্রমিক ও শিল্প খাতের সমস্যা সমাধানে ভূমিকা রাখার দাবি জানানো হয় সভায় । পাশাপাশি হামলা, মিথ্যা মামলা ও গ্রেপ্তারের মধ্য দিয়ে শ্রমিকদের ন্যায্য আন্দোলন ঠেকানোর সরকারি তৎপরতার নিন্দা জানানো হয়।
বন্ধ হওয়া সব কারখানা চালু, বকেয়া মজুরি পরিশোধ এবং শ্রমিক অধিকার নিশ্চিতের দাবিতে ৩১ জানুয়ারি বিকেলে শাহবাগে গণতান্ত্রিক অধিকার কমিটি সমাবেশ করবে বলে বিবৃতিতে জানানো হয়।
উল্লেখ্য, গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত ২২ আগস্ট গণতান্ত্রিক অধিকার কমিটি গঠন করা হয়। শিক্ষক, শিক্ষার্থী, লেখক, সাংবাদিক, শিল্পী, আইনজীবী, চিকিৎসকসহ সমাজের নানা পেশার শতাধিক ব্যক্তির সমন্বয়ে গঠিত হয় এই কমিটি।