স্বামীর বিরুদ্ধে স্ত্রীর করা অভিযোগের নিষ্পত্তির উদ্দেশ্যে ১৯৯১ সালে সেলের কার্যক্রম শুরু করে মহিলা অধিদপ্তর। এখন ছয় বিভাগে ছয়টি সেল।

কাগজপত্রে দাম্পত্য চুকে গেছে সম্প্রতি। চলছে দেনা-পাওনার হিসাব। বিচ্ছেদের কারণে দুজনই যেন হঠাৎ অচেনা হয়ে পড়েছেন; ‘আপনি’ সম্বোধন করে একে অপরকে দোষারোপ করছিলেন। তর্কের মাত্রা বেড়ে গেলে কখনো কখনো ‘তুমি’তে নেমে আসছিলেন। আট মাসের সন্তান কোলে মেয়েটি বলছিলেন, তিনি সংসার করতেই চান। তা যদি না-ই হয়, তাঁর পাওনা টাকা ফেরত চান।
গত ১৮ জুলাই রাজধানী ঢাকার ইস্কাটনে অবস্থিত মহিলা অধিদপ্তরের নারী নির্যাতন প্রতিরোধ সেলে সদ্য বিচ্ছেদ হওয়া এই দুজন এসেছিলেন। স্ত্রীর অভিযোগের পরিপ্রেক্ষিতে এসেছিলেন আরেক ব্যক্তি। তিনি দাবি করলেন, স্ত্রী বিবাহ বিচ্ছেদ ঘটিয়ে এখন তাঁকে ফাঁসাতে চাইছেন। এক বাবা এসেছিলেন মাদকাসক্ত স্বামীর হাত থেকে একমাত্র মেয়েকে কীভাবে বাঁচাবেন, তার উপায় জানতে।
অধিদপ্তরের নারী নির্যাতন প্রতিরোধ সেলের ছোট ছোট কক্ষে সংসারের এমন সব অশান্তির গল্প লিপিবদ্ধ হয়। বছর শেষে জমে ফাইলের স্তূপ। বাদী-বিবাদী ও শুনানি কর্মকর্তাদের অনুমতি নিয়ে ওই দিন শুনানিতে থাকার সুযোগ হয়েছিল এ প্রতিবেদকের। শুনানি শেষে কথা হয় পরিবারগুলোর সঙ্গে।
স্বামীর বিরুদ্ধে স্ত্রীর করা অভিযোগের নিষ্পত্তির উদ্দেশ্যে ১৯৯১ সালে রাজধানীর লালমাটিয়ায় প্রথম সেলের কার্যক্রম শুরু করে অধিদপ্তর। সেলটি পরে ২০০১ সালে ইস্কাটনে স্থানান্তর করা হয়। এখন ছয় বিভাগে একটি করে নারী নির্যাতন প্রতিরোধ সেল রয়েছে।
সেলের হিসাব অনুসারে, ঢাকা বিভাগে বছরে গড়ে ২২৭টি করে অভিযোগ জমা পড়েছে। কার্যক্রমের শুরু থেকে চলতি বছরের জুন মাস পর্যন্ত প্রায় ৩১ বছরে এ বিভাগে মোট ৭ হাজার ২৫১টি অভিযোগ জমা হয়। এর মধ্যে নিষ্পত্তি হয়েছে ৭ হাজার ১৩৯টি। অভিযোগের মধ্যে পারিবারিক সমস্যার (স্বামী-স্ত্রীর মনোমালিন্য, খোঁজ না রাখা, ভরণপোষণ না দেওয়া, সন্তানের অধিকার না দেওয়া ইত্যাদি) ২ হাজার ২০৫টি, যৌতুকের ১ হাজার ৮০১টি, শারীরিক নির্যাতন ১ হাজার ৩৩৯টি, দ্বিতীয় বিয়ের ১ হাজার ২০টি এবং বিচ্ছেদের ৮৮৬টি অভিযোগ জমা হয়েছে। সেল থেকে দেনমোহর, ভরণপোষণ ও অন্যান্য বাবদ আদায় করে দেওয়া হয় ৭ কোটি ৭৫ লাখ টাকার বেশি।
নারী নির্যাতন প্রতিরোধ সেলের শুনানি কর্মকর্তা মো. ইনতেখাব আনোয়ার প্রথম আলোকে বলেন, এখানে মূলত সালিসি কার্যক্রম চলে। নিম্নবিত্ত পরিবারের লোকজনই বেশি আসেন। অভিযোগ এলে একাধিক শুনানির মাধ্যমে বিরোধ মিটিয়ে দেওয়ার চেষ্টা করা হয় প্রথমে। বিচ্ছেদের মতো অবস্থা তৈরি হলে নানা পরামর্শ দিয়ে বিয়ে টিকিয়ে রাখার একটা উদ্যোগ নেওয়া হয়। বিচ্ছেদ ঠেকানো না গেলে দেনমোহর ও সন্তানের ভরণপোষণ আদায়ের ব্যবস্থা নেওয়া হয়।
দুই পক্ষকে শুনানিতে কীভাবে হাজির করা হয়, জানতে চাইলে তিনি বলেন, স্ত্রীর অভিযোগ পেয়ে বিবাদী অর্থাৎ স্বামীকে শুনানির তারিখ জানিয়ে হাজির হতে নোটিশ পাঠানো হয়। তিনটি নোটিশে হাজির না হলে চতুর্থ নোটিশ পাঠানো হয় থানায়। পুলিশ বিবাদীর ঠিকানায় গিয়ে নোটিশ দিয়ে আসে।
প্রতিবেদনের শুরুতে বিচ্ছেদ হওয়া কম বয়সী যে দুজনের কথা উল্লেখ করা হয়েছে, তাঁদের এটি দ্বিতীয় বিয়ে। দুজনের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেল, ছেলেটির পরিবার তাঁর দুই স্ত্রী থাকার পক্ষে নয়। তাঁরা প্রথম স্ত্রীকে রাখতে চান। এ কারণে দ্বিতীয় বিয়ে থেকে ছেলেটিকে সরিয়ে নিচ্ছেন। তাঁরা মেয়েটিকে টাকা দিয়ে নিষ্কৃতি চান। সন্তানটিকে মায়ের কাছেই রাখার পক্ষে তাঁরা। এ জন্য প্রতি মাসে ভরণপোষণের জন্য টাকা দেবেন।
মেয়েটি জানান, এক লাখ টাকা দেনমোহরে ২০১৯ সালের ১৯ জুন তাঁদের বিয়ে হয়। ছেলের বাড়ি রাজবাড়ী, মেয়েটির ঢাকার অদূরে ধামরাইয়ে। বিচ্ছেদের নোটিশ পেয়ে গত বছরের ২৮ ডিসেম্বর মেয়েটি স্বামীর বিরুদ্ধে ভরণপোষণ না দেওয়ার অভিযোগ করে সংসারে ফিরে যাওয়ার আবেদন করেছেন। স্বামী তাঁর কাছ থেকে দেড় লাখ টাকা নিয়েছেন, দাবি করে তা ফেরতও চেয়েছেন।
মেয়েটি জানান, তিনি সাভারে পোশাক কারখানায় কাজ করতেন। বিয়ের আগে ছেলেটির সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। তা জানতে পেরে বাবা ও চাচা ছেলেটিকে ডেকে এনে বিয়ের ব্যবস্থা করেন। বিয়ের পর নিজের সঞ্চয় থেকে ছেলেটিকে দোকান করার জন্য টাকা দেন। ছেলেটির ঋণ পরিশোধে নিজের স্বর্ণালংকারও বিক্রি করেন। তবে তিনি যখন সাত মাসের অন্তঃসত্ত্বা, তখন স্বামী গ্রামে ফিরে যান এবং তাঁর সঙ্গে সংসার করবেন না বলে জানান।
তবে স্বামীর দাবি, তিনি স্ত্রীর সব টাকা ফিরিয়ে দিয়েছেন। তাঁর বাবা নাতির (ছেলেসন্তান) জন্য প্রতি মাসে ভরণপোষণ দিচ্ছেন। স্ত্রী তাঁর কাছে আগের বিয়ের কথা গোপন করেছিলেন এবং প্রতারণা করে জোর করে তাঁকে (ছেলেটি) বিয়ে করেছেন।
এ সময় মেয়েটির পক্ষে শুনানিতে থাকা ধামরাইয়ের এক সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘একটি মেয়ে আপনাকে কীভাবে জোর করে বিয়ে করে? এটা কী ধরনের কথাবার্তা বলছেন?’
শুনানিতে দুই পক্ষের তর্কবিতর্কের একপর্যায়ে মেয়েটির গলা ধরে আসে। এই প্রতিবেদককে কোলের সন্তান দেখিয়ে বলেন, ‘এই বাচ্চার (সন্তান) জন্য সবার মায়া লাগে। শুধু ওর (স্বামী) মায়া লাগে না!’
প্রতিরোধ সেল ওই দিন (১৮ জুলাই) আরেক নারীর করা অভিযোগের বিষয়ে শুনানিতে বিবাদীকে হাজির হওয়ার জন্য নোটিশ ইস্যু করে। এ বছরের ১০ এপ্রিল মানিকগঞ্জে বসবাসকারী ওই নারী অভিযোগ করেছেন, স্বামী তাঁর অনুমতি ছাড়া দ্বিতীয় বিয়ে করেছেন। শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন। কোনো ভরণপোষণ দেন না। তিনি তাঁর ৫ বছর বয়সী একমাত্র ছেলের দায়িত্ব ফিরে পেতে চান। আবেদনের এক জায়গায় লিখেছেন, ‘আমার বাবা-মা কেউ বেঁচে নেই। আমার যাওয়ার জায়গা নেই।’
চলতি বছরের ৩১ মার্চ রাজধানীর খিলগাঁওয়ের এক নারী (২৬) স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছেন যৌতুক দাবি, নির্যাতন, পরকীয়া ও সন্তানের ভরণপোষণ না দেওয়ার। ২০১৭ সালে ১২ লাখ টাকা দেনমোহরে তাঁদের বিয়ে হয়। দুই মাস পরই স্বামী যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতন শুরু করেন। ২০১৮ সালে তিনি স্বামীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছিলেন। পরে আপস করে সংসারে ফিরে যান। এখন স্বামী তাঁকে তালাকের হুমকি দিচ্ছেন এবং কোনো ভরণপোষণ দেন না।
দ্বিতীয় স্ত্রীর করা অভিযোগের পরিপ্রেক্ষিতে এসেছিলেন স্বামী। শুনানি কর্মকর্তা বুঝিয়ে-শুনিয়ে তাঁদের মিলমিশ করে দিয়েছেন। তাঁরা এখন বুঝতে পারছেন, সংসার করতে হলে দুই পক্ষকেই কিছু ছাড় দিতে হবে। অভিযোগ থেকে জানা গেছে, তাঁদের দুজনের এটি দ্বিতীয় বিয়ে।
দুজনেরই আগের সংসারে সন্তান রয়েছে। দ্বিতীয় স্ত্রীর আগের স্বামী মারা গেছেন। দ্বিতীয় স্ত্রীর করা অভিযোগের পরিপ্রেক্ষিতে দুজনকেই একাধিকবার সেলে হাজির করে বক্তব্য শোনেন শুনানি কর্মকর্তা। দ্বিতীয় স্ত্রীর ভাষ্য, প্রথম স্ত্রীর কথায় স্বামী তাঁকে অবহেলা করছেন। নিয়মিত যোগাযোগ করেননি। শুনানিতে হাজির হয়ে স্বামী দ্বিতীয় স্ত্রীকে বলেছেন, এখন থেকে তিনি নিয়মিত যোগাযোগ রাখবেন। যেসব সমস্যা আছে, তা মিটিয়ে ফেলবেন।
সেলের শুনানি কর্মকর্তা প্রীতিলতা বাইন প্রথম আলোকে বলেন, অনেক অভিযোগের ক্ষেত্রে দেখা যায়, পারিবারিক সমস্যাগুলো গুরুতর নয়। স্বামী-স্ত্রী কেউ কাউকে ছাড় দিতে চান না। একটু ছাড় দিলেই হয়তো সমস্যা মিটে যায়। সালিসের মাধ্যমে চেষ্টা করা হয়, তাঁরা যেন মানিয়ে চলেন। সাধারণত ১৫ দিনের বিরতিতে শুনানির জন্য বাদী ও বিবাদীকে ডাকা হয়। তিনি জানান, চারজন কর্মকর্তা শুনানি করে থাকেন।
নারী নির্যাতন প্রতিরোধ সেলের তথ্য অনুসারে, ঢাকা বিভাগে শারীরিক নির্যাতন, পারিবারিক সমস্যা, যৌতুক, দ্বিতীয় বিয়ে ও বিচ্ছেদসংক্রান্ত অভিযোগ জানিয়ে এ বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ৮৩টি নতুন আবেদন জমা পড়েছে। এর মধ্যে পারিবারিক সমস্যার ৩৮টি, শারীরিক নির্যাতনের ১৭টি, যৌতুকের ১২টি, দ্বিতীয় বিয়ের ১০টি এবং বিচ্ছেদসংক্রান্ত ৬টি। এ সময় শুনানি হয় ১৭২টি এবং আইনগত পরামর্শ দেওয়া হয় ১৯৬টির ক্ষেত্রে। ২০২১-২২ অর্থবছরে ১৪৭টি অভিযোগের মধ্যে ১১১টির নিষ্পত্তি হয়েছে।
সেলের তথ্য অনুসারে, ঢাকা জেলায় ২০১৯ সালের তুলনায় ২০২০ ও ২০২১ সালে অভিযোগ ও শুনানি এবং আইনগত পরামর্শ দেওয়ার ঘটনা অনেক কম ছিল। ২০১৯ সালের তুলনায় ২০২১ সালে অভিযোগ আসার পরিমাণ ২১ শতাংশ এবং আইনগত পরামর্শ দেওয়া ৭৯ শতাংশ কমেছে। তবে শুনানি নেওয়ার সংখ্যা ৩ শতাংশ বেড়েছে।
অধিদপ্তর থেকে জানা গেছে, সেলের কার্যক্রমের প্রধান দুর্বলতার মধ্যে একটি হচ্ছে, এটা সালিসি কার্যক্রম হওয়ায় অনেক বিবাদী শুনানিতে হাজির হন না। এই হার ২০ শতাংশের মতো। কেউ হাজির না হলে কিছু করার এখতিয়ার নেই সেলের। সেলে আগে একজন আইনজীবী নিযুক্ত ছিলেন। তিনি সেসব ক্ষেত্রে উচ্চ আদালতে মামলা পরিচালনা করতে পারতেন। এ পদটিও দীর্ঘদিন ধরে খালি। আবার দরিদ্র পরিবারগুলোর অনেকে ঠিকঠাক ঠিকানা দিতে পারেন না। সে ক্ষেত্রে নোটিশ পাঠানো যায় না।
এ প্রসঙ্গে মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (ম্যাজিস্ট্রেট, মহিলা সহায়তা কর্মসূচি) ফরিদা খানম প্রথম আলোকে বলেন, ব্যতিক্রম কিছু ঘটনা ছাড়া নোটিশ পেয়ে হাজির হওয়ার ঘটনাই বেশি। সেলে কোনো অর্থ খরচ হয় না, অল্প সময়ে সহজে অভিযোগ নিষ্পত্তি হয়। আদালতে গেলে আইনজীবী নিয়োগে অর্থ ব্যয়, দীর্ঘসূত্রতাসহ নানা জটিলতা থাকে। এসব কারণে সেলে অভিযোগ নিষ্পত্তির আশায় বিবাদীরা হাজির হন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আমানুল্লাহ ফেরদৌস প্রথম আলোকে বলেন, পুঁজিবাদের বিকাশ ও দ্রুত নগরায়ণে পারিবারিক প্রতিষ্ঠানগুলোয় একধরনের প্রভাব পড়ে। মানুষ দ্রুত তাল মিলিয়ে চলতে গিয়ে সম্পর্কগুলোকে যেভাবে লালন-পালন করা উচিত, সেভাবে পারে না।
দেশে পরিবারগুলোয় ভাঙন দেখা দেওয়ার এ দুটো হচ্ছে বড় কারণ। তৃতীয়ত, পারিবারিক মূল্যবোধ টিকিয়ে রাখা, সম্পর্কের মধ্যে লুকোচুরি না রাখা ইত্যাদির শিক্ষা পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে দেওয়া হচ্ছে না। পারিবারিক সম্পর্কগুলো ভেঙে পড়লে নারী নির্যাতন, পারিবারিক সহিংসতা, মাদকসহ অন্যান্য অপরাধের বিস্তার ঘটে।
অধ্যাপক আমানুল্লাহর মতে, পারিবারিক সম্পর্কগুলোকে দৃঢ় করতে শিক্ষা কার্যক্রমে পারিবারিক বিষয়গুলো অন্তর্ভুক্ত রাখা ও তা নিয়ে পরীক্ষায় প্রশ্ন রাখা, সাংস্কৃতিক আন্দোলন, মসজিদে খুতবায় বা অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে পারিবারিক মূল্যবোধ নিয়ে আলোচনা থাকা দরকার।