
প্রায় ছয় মাস ধরে ট্রাকে করে পণ্য বিক্রি (ট্রাক সেল) বন্ধ রেখেছে সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। এ কারণে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে নিম্ন আয়ের অনেক মানুষ সাশ্রয়ী মূল্যে পণ্য কেনার সুযোগ পাচ্ছেন না। সর্বশেষ ঈদুল আজহার আগে অর্থাৎ মে মাসে ট্রাকে পণ্য বিক্রি করেছিল সংস্থাটি।
টিসিবি দুভাবে পণ্য বিক্রি করে। এর একটি হলো স্মার্ট পরিবার কার্ডের মাধ্যমে প্রতি মাসে। এর আওতায় দেশে প্রায় ৭৫ লাখ পরিবারকে প্রতি মাসে ভর্তুকি মূল্যের পণ্য দেওয়া হয়। যদিও পণ্যের পরিমাণ কম। একজন কার্ডধারী পাঁচ কেজি চাল, দুই লিটার ভোজ্যতেল, দুই কেজি মসুর ডাল, এক কেজি চিনি কিনতে পারেন। মাঝেমধ্যে আটা, লবণ, সাবান, ডিটারজেন্টের মতো কিছু পণ্য যোগ করা হয়।
দ্বিতীয়টি হলো ভ্রাম্যমাণ ট্রাকে করে পণ্য বিক্রি। যাঁরা কার্ড পান না, তাঁরা ট্রাকের পেছনে দাঁড়িয়ে এই পণ্য কিনতে পারেন। অতীতে দেখা গেছে, শত শত মানুষ লাইনে দাঁড়িয়ে পণ্য কিনেছেন। পণ্যের জন্য চলন্ত ট্রাকের পেছনে ছুটে আহত হয়েছেন। আবার অনেকে পণ্য না পেয়ে খালি হাতেও ফিরে গেছেন।
ভ্রাম্যমাণ ট্রাক থেকে ভর্তুকি মূল্যে শুধু ভোজ্যতেল, চিনি ও মসুর ডাল কেনেন সাধারণ মানুষেরা। খুচরা বাজার থেকে পণ্য তিনটি কিনলে ৭০০ থেকে ৭২০ টাকা লাগে; আর টিসিবির ট্রাক থেকে কিনলে সাশ্রয় হয় ২২০-২৪০ টাকা; কিন্তু ছয় মাস ধরে এই ‘ট্রাক সেল’ বন্ধ রয়েছে।
টিসিবির মুখপাত্র শাহাদত হোসেন বলেন, সাধারণত ঈদুল ফিতর ও ঈদুল আজহার আগে ট্রাক সেল কর্মসূচি চালানো হয়। এ ছাড়া সরকার বললে বিশেষ বিশেষ সময়েও ট্রাক সেল চালানো হয়। যেমন ২০২৪ সালের আগস্ট ও নভেম্বরে দুই দফায় ট্রাক সেল কর্মসূচি চালিয়েছিল টিসিবি। ওই সময় স্মার্ট পরিবার কার্ডের বিতরণ কমে যাওয়ায় ট্রাক সেল বাড়ানো হয়েছিল।
এদিকে গত মাসে বাংলাদেশ ডেভেলপমেন্ট আপডেট প্রতিবেদনে বিশ্বব্যাংক বলেছে, গত চার বছরে দেশে ৮০ লাখ মানুষ নতুন করে দরিদ্র হয়েছেন। মূলত উচ্চ মূল্যস্ফীতিতে প্রকৃত আয় কমে গেছে। অন্যদিকে নতুন কর্মসংস্থানও বাড়েনি। এসব কারণে দরিদ্র মানুষের সংখ্যা বেড়েছে। এ ছাড়া দারিদ্র্যসীমার কিছুটা ওপরে আছেন প্রায় ৬ কোটি ২০ লাখ মানুষ। প্রাকৃতিক দুর্যোগ, জিনিসপত্রের দাম বেড়ে যাওয়াসহ যেকোনো অর্থনৈতিক ধাক্কায় তাঁরা দরিদ্র হয়ে যেতে পারেন।
অর্থনীতিবিদেরা বলছেন, টিসিবির পরিবার কার্ড পাননি এমন মানুষের সংখ্যা অনেক। বিশেষ করে রাজধানী ঢাকাসহ শহর এলাকাগুলোকে ভাসমান বা অস্থায়ী ঠিকানার মানুষেরা টিসিবির কার্ড পান না। সাশ্রয়ী মূল্যের পণ্য কেনার জন্য টিসিবির ট্রাকই তাঁদের ভরসা। অর্থাৎ টিসিবির ট্রাকে করে পণ্য কেনার জন্য সব সময়েই চাহিদা থাকে। তাই ট্রাক সেল বন্ধ না করে বরং এর পরিধি আরও বাড়ানো প্রয়োজন।
রাজধানীর আরামবাগ ঝিলপাড় এলাকার বাসিন্দা গৃহকর্মী নারগিস বেগম সর্বশেষ ঈদুল আজহার আগে টিসিবির ট্রাক থেকে পণ্য কিনেছিলেন। এর মধ্যে গত ছয় মাসে বাজারে সয়াবিন তেল, চিনি, ব্রয়লার মুরগি, ডিম, মাছ, সবজিসহ বিভিন্ন নিত্যপণ্যের দাম বেড়েছে।
নারগিস বেগম বলেন, ‘সবকিছুর দামই তো অহন বাড়তি। টিসিবির কার্ড পাইলে সুবিধা হইতো। কার্ডে ৫ কেজি চাল ৩০ টাকা করে পাওয়া যায়। কার্ড পাইবেন পাইবেন কইয়া অনেকে আশা দেয়; কিন্তু কার্ড আর দেয় না। অন্তত ট্রাক থেকে কম দামে কিনতে পারলেও অনেক উপকার হইতো।’