আব্দুল মোমেনের চিঠি

ফুটবলের প্রতি ভালোবাসা বাংলাদেশ ও আর্জেন্টিনার মানুষের হৃদয়কে এক করেছে

পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন
ফাইল ছবি

ফিফা বিশ্বকাপ ফুটবল ২০২২–এর শিরোপা জেতায় বাংলাদেশের জনগণ এবং নিজের পক্ষ থেকে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেস ক্যাফিয়েরোকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ সোমবার আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে পাঠানো এক চিঠিতে আব্দুল মোমেন এ অভিনন্দন জানান।

এ কে আব্দুল মোমেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে পাঠানো ওই চিঠিতে লিখেছেন, ‘ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনা দলের জয়ের পর গত রাতে বাংলাদেশের মানুষ যে স্বতঃস্ফূর্ত আনন্দ করেছে, তা দেখলে আপনি অভিভূত হবেন।’

আব্দুল মোমেন বলেন, ‘আমি বিশ্বাস করি, আমাদের ভৌগোলিক অবস্থানের দূরত্ব সত্ত্বেও ফুটবলের প্রতি ভালোবাসা বাংলাদেশ ও আর্জেন্টিনার মানুষের হৃদয়কে এক করেছে।’

দুই বন্ধুপ্রতিম দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক ও বন্ধুত্ব আরও গভীর করার ক্ষেত্রে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উভয় দেশের পারস্পরিক অগ্রাধিকারের ভিত্তিতে অব্যাহতভাবে কাজ করাসহ উভয় দেশে নিজেদের দূতাবাস খোলার লক্ষ্যেও ঘনিষ্ঠভাবে আমরা কাজ করে যাব।’