ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যার নিন্দা জানিয়ে আজ প্রস্তাব নিচ্ছে সংসদ

জাতীয় সংসদ ভবন
ফাইল ছবি

ফিলিস্তিনে ইসরায়েলি বাহিনীর গণহত্যার নিন্দা জানিয়ে আজ সোমবার জাতীয় সংসদে প্রস্তাব আনা হচ্ছে। ওই প্রস্তাবে স্বাধীন-সার্বভৌম ফিলিস্তিন প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান থাকবে।

জাতীয় সংসদের কার্যপ্রণালি বিধির ১৪৭ ধারা অনুযায়ী আজ সন্ধ্যায় সংসদে প্রস্তাবটি আনা হবে। এর ওপর সংসদ সদস্যরা আলোচনা করবেন। তারপর তা গ্রহণ করা হবে।

এর আগে ২২ অক্টোবর চলতি অধিবেশনের প্রথম দিনে স্পিকার শিরীন শারমিন চৌধুরী ফিলিস্তিন নিয়ে আলোচনার কথা জানিয়েছিলেন।

সংসদের সোমবারের দিনের কার্যসূচি অনুযায়ী দিনাজপুর-৪ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী কার্যপ্রণালি বিধির ১৪৭ বিধি অনুয়ায়ী সাধারণ আলোচনার প্রস্তাব আনবেন।

কার্যসূচিতে উল্লেখিত আবুল হাসান মাহমুদ আলীর প্রস্তাবটি হচ্ছে, সংসদের অভিমত এই যে ‘বাংলাদেশ জাতীয় সংসদ ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েল কর্তৃক পরিচালিত নৃশংস গণহত্যার তীব্র নিন্দা জ্ঞাপন করছে এবং এই হত্যাকাণ্ড বন্ধের জোর দাবি জানাচ্ছে।

ফিলিস্তিনে ইসরায়েলের নারকীয় হত্যাযজ্ঞে মানবাধিকারের চরম বিপর্যয় ঘটেছে। এই সংসদ ফিলিস্তিনে মানবাধিকার রক্ষায় বিশ্বের সব বিবেকবান জনগণ, রাষ্ট্র ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছে এবং বিশ্বের মুসলিম উম্মাহকে ফিলিস্তিনি জনগণকে রক্ষা এবং তাদের ন্যায়সংগত স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র প্রতিষ্ঠায় কার্যকরভাবে এগিয়ে আসার উদাত্ত আহ্বান জানাচ্ছে।’