প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ দ্রুত নিষ্পত্তির জন্য একটি ‘অভিযোগ নিষ্পত্তি ও নিরসন সেল’ গঠন করেছে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের প্রশাসন শাখা থেকে এ–সংক্রান্ত এক অফিস আদেশ জারি করা হয়েছে। বলা হয়েছে, অবিলম্বে এ আদেশ কার্যকর হয়েছে।
আদেশ অনুযায়ী, এ সেলের সদস্য পাঁচজন। মন্ত্রণালয়ের মনিটরিং ও এনফোর্সমেন্ট অনুবিভাগের অতিরিক্ত সচিব বা যুগ্ম সচিব আহ্বায়কের দায়িত্ব পালন করবেন।
সেলের বাকি সদস্যরা হলেন মন্ত্রণালয়ের কল্যাণ অধি শাখার যুগ্ম সচিব, আইন শাখার উপসচিব, সেবা ও প্রটোকল শাখার উপসচিব এবং এনফোর্সমেন্ট-২ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব। তাঁদের মধ্যে এনফোর্সমেন্ট-২ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব এ সেলের সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন।
প্রয়োজনে এই সেল অতিরিক্ত সদস্য নিতে পারবে বলেও আদেশে উল্লেখ করা হয়েছে।