
ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে প্রথম শ্রেণিতে ৪১ শিক্ষার্থীকে ভর্তি নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তাদের সহোদরারা ওই শিক্ষাপ্রতিষ্ঠানে পড়ে।
শিশুদের অভিভাবকদের করা এক রিটের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ মঙ্গলবার রুলসহ এই আদেশ দেন।
এর আগে ১৬ জানুয়ারি শিক্ষা মন্ত্রনালয়ের শিক্ষার্থী ভর্তি নীতিমালায় সংশোধনী আনা হয়। সংশোধনীর ১৪ বিধি অনুসারে ২০২৩ শিক্ষাবর্ষের জন্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এন্ট্রি শ্রেণিসহ অন্যান্য শ্রেণিতে মোট আসনের অতিরিক্ত ৫ শতাংশ শিক্ষার্থী সহোদর বা জমজ ভাই/ বোনের ভর্তির জন্য আবেদনকারীদের মধ্য থেকে ভর্তি করাতে পারবে। তবে আবেদন সংখ্যা বেশি হলে ভর্তি কমিটি কর্তৃক লটারির মাধ্যমে ওই ৫ শতাংশ শিক্ষার্থী নির্বাচন করা যেতে পারে।
এ অবস্থায় ভর্তির জন্য আবেদন করে বিফল হয়ে ৪১ শিক্ষার্থীর অভিভাবক ওই রিটটি করেন। শুনানি হাইকোর্ট নীতিমালার ১৪ বিধি ৪১ শিক্ষার্থীর ক্ষেত্রে স্থগিত করেন। আর নীতিমালার ১৪ বিধি কেন বেআইনি হবে না, তা জানতে চাওয়া হয়েছে রুলে।
আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ বি এম আলতাফ হোসেন, সঙ্গে ছিলেন আইনজীবী শফিকুর রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আবদুল্লাহ আল মাহমুদ।
পরে জ্যেষ্ঠ আইনজীবী এ বি এম আলতাফ হোসেন প্রথম আলোকে বলেন, ‘৪১ শিক্ষার্থীর সহোদরা ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে পড়ে। ৪১ শিক্ষার্থীর ভর্তি নিতে রিফিউজ করে শিক্ষাপ্রতিষ্ঠানটি। ১৬ জানুয়ারি নীতিমালা সংশোধনে বলা হয়, টোটাল আবেদনকারীর ৫ শতাংশ কোটা পাবে। অথচ শিক্ষার্থীরা ভর্তির জন্য যখন আবেদন করে, তখন কোটা ছিল না। কোনো লিমিট ছিল না। এ অবস্থায় সংশোধিত নীতিমালার ১৪ বিধি চ্যালেঞ্জ করা হয়। শুনানি নিয়ে হাইকোর্ট রুল দিয়ে ৪১ শিক্ষার্থীকে প্রথম শ্রেণিতে ভর্তি নিতে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন। আজই ভর্তির শেষ তারিখ।’