চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের কাছে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে ‘সংক্ষুব্ধ শিক্ষার্থী সমাজের’ ব্যানারে কর্মসূচির আয়োজন করা হয়। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। ৫ ফেব্রুয়ারি ২০২৬
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের কাছে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে ‘সংক্ষুব্ধ শিক্ষার্থী সমাজের’ ব্যানারে কর্মসূচির আয়োজন করা হয়। রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। ৫ ফেব্রুয়ারি ২০২৬

এনসিটি ইজারার উদ্যোগ

ঢাবিতে উপদেষ্টা সাখাওয়াত, বিডার আশিকসহ কয়েকজনের কুশপুত্তলিকা দাহ

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশিদের কাছে ইজারা দেওয়ার উদ্যোগের প্রতিবাদে কয়েকজনকে ‘ইকোনমিক হিটম্যান’ আখ্যায়িত করে তাঁদের কুশপুত্তলিকা দাহ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রাজু ভাস্কর্যে ‘সংক্ষুব্ধ শিক্ষার্থী সমাজের’ ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচিতে নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান এস এম মনিরুজ্জামানের কুশপুত্তলিকা দাহ করা হয়।

‘ইকোনমিক হিটম্যান’ বলতে প্রভাবশালী মধ্যস্থতাকারীদের বোঝানো হয়, যারা উন্নয়ন ঋণ, নীতি-পরামর্শ ও করপোরেট চুক্তির আড়ালে উন্নয়নশীল দেশগুলোকে উচ্চ ঝুঁকির ঋণ, অসম চুক্তি ও কৌশলগত বিনিয়োগে আবদ্ধ করে ফেলেন। এর ফলে ওই দেশের কৌশলগত সম্পদ, অর্থনৈতিক নীতি ও সার্বভৌম সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতার ওপর দীর্ঘমেয়াদি প্রভাব পড়ে।

কর্মসূচিতে সংক্ষুব্ধ শিক্ষার্থী সমাজের পক্ষ থেকে অপরাধবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী মুহিউদ্দিন রাহাত বলেন, নিউমুরিং কনটেইনার টার্মিনালটি ডিপি ওয়ার্ল্ডের কাছে চুক্তিতে ইজারা দেওয়ার জন্য ঠিক নির্বাচনের আগমুহূর্তে সরকার অনেক বেশি তোড়জোড় করছে। যেন এই বন্দরটা দিতে না পারলে সরকারের যে মিশন-ভিশন ছিল, সেটা সম্পূর্ণ ফেইলড (ব্যর্থ) হয়ে যাবে।

মুহিউদ্দিন রাহাত অভিযোগ করেন, বাংলাদেশ সরকারের মধ্যে চার ব্যক্তি বিদেশি কোম্পানির কমিশন নিয়ে এই নিউমুরিং টার্মিনালটি ডিপি ওয়ার্ল্ডের কাছে দিতে চাইছে। এই চার ব্যক্তি চট্টগ্রাম বন্দরটাকে ডিপি ওয়ার্ল্ডের কাছে লিজ দেওয়ার জন্য অনেক ধরনের লবিং করে যাচ্ছেন।

কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম খলিল চৌধুরী বলেন, ‘এখানে শুধু এই বন্দর জড়িত না, আমাদের পাহাড়ও জড়িত। পাহাড়ের যে ভূমি আছে, এটা হুমকির মুখে থাকবে। এ জন্য আমরা সরকারের কাছে দ্রুত সমাধান চাই।’