দুর্যোগ অধিদপ্তরের সেতু

প্রকল্প শেষ না হতেই ভগ্নদশা

১৯৬ সেতুর পরিবীক্ষণে ৫৬টিতে সমস্যা পেয়েছে আইএমইডি। এখনই মেরামত প্রয়োজন অনেকগুলোর।

আলাইপুর খালের ওপর নির্মিত হয়েছে কালভার্টটি। কিন্তু পার্শ্বদেয়াল কম থাকায় দুই পাশের মাটি সরে দেবে গেছে সংযোগ সড়ক। এতে অনেকটা পরিত্যক্ত অবস্থা এটির। গতকাল সাতক্ষীরার কলারোয়ায়
ছবি: কল্যাণ ব্যানার্জি

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুরে খালের ওপর নির্মিত কালভার্টের দুই পাশের সংযোগ সড়ক দেবে গেছে। পার্শ্বদেয়াল কম থাকায় দুই পাশের মাটিও সরে গেছে। ফলে যান চলাচলের অনুপযোগী হয়ে অনেকটা পরিত্যক্ত অবস্থায় আছে কালভার্টটি।

এই কালভার্ট নির্মাণ করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের ‘গ্রামীণ রাস্তায় ১৫ মিটার দৈর্ঘ্য পর্যন্ত সেতু/কালভার্ট নির্মাণ’ প্রকল্পের আওতায়। এই প্রকল্পের অধীনে দেশে ১৩ হাজার সেতু ও কালভার্ট নির্মাণ করা হচ্ছে। ব্যয় ধরা হয়েছে ৬ হাজার ৫৭৮ কোটি টাকা। কোনো ধরনের সম্ভাব্যতা যাচাই ছাড়াই প্রকল্পটি নেওয়া হয়েছে।

এই প্রকল্পের একটি নিবিড় পরিবীক্ষণ প্রতিবেদন তৈরি করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। নিবিড় পরিবীক্ষণের অংশ হিসেবে এই প্রকল্পের ১৯৬টি সেতু সরেজমিন পর্যবেক্ষণ করেছে আইএমইডি। ১৯৬টি সেতুর মধ্যে ৫৬টিতেই কোনো না কোনো সমস্যা পাওয়া গেছে।

আইএমইডির প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২৩টি সেতুর সংযোগ সড়ক (অ্যাপ্রোচ রোড) দেবে গেছে। ৭টি সেতুর উচ্চতা খুব বেশি, ১২টি সেতুর ক্ষেত্রে খাল সংকুচিত করা হয়েছে এবং অন্তত ১০টির ক্ষেত্রে কাজের মানে সমস্যা পাওয়া গেছে। আর ২টি সেতুর স্থান নির্বাচন সঠিক হয়নি, আর ২টির রেলিংয়ে এখনই ভাঙন দেখা দিয়েছে।

এই প্রকল্পের অধীনে ১২ মিটার পর্যন্ত দৈর্ঘ্যের বক্স কালভার্ট হবে ৭ হাজার ৮০০টি। এর মধ্যে ৬ হাজার ৪২৭টি কালভার্টের নির্মাণকাজ শেষ হয়েছে। আর ১২ মিটারের বেশি গার্ডার সেতু হবে ৫ হাজার ২০০টি। এর মধ্যে মাত্র ৪৬৪টির কাজ শেষ হয়েছে।

বেশ পিছিয়ে বাস্তবায়ন

কিছুদিন আগে ‘খোঁড়া নদী’র ওপর নির্মিত হয়েছে সেতুটি। এরই মধ্যে ধসে যাওয়ার উপক্রম সংযোগ সড়কের। ২০ আগস্ট রংপুরের পীরগাছার সোনারায়

প্রকল্পটি শুরু হয় ২০১৯ সালের জানুয়ারিতে, ২০২২ সালের জুনে মেয়াদ হওয়ার কথা ছিল। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাব ও সরকারের তহবিল অপর্যাপ্ত পাওয়ায় সময়মতো দরপত্র আহ্বান করা যায়নি। পরে প্রকল্পের মেয়াদ ২০২৪ সালের জুন পর্যন্ত বাড়ানো হয়। অথচ চলতি বছরের এপ্রিল পর্যন্ত প্রকল্পের বাস্তব অগ্রগতি হয়েছে ৫০ শতাংশ। ফলে এই সময়ের মধ্যে প্রকল্পের বাকি ৫০ শতাংশ কাজ শেষ করা বেশ কঠিন বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, করোনা মহামারির অভিঘাত থেকে উত্তরণ ইত্যাদি কারণে সরকার গত বছর ব্যয় সংকোচনে নানা পদক্ষেপ নেয়। এর অংশ হিসেবে উন্নয়ন প্রকল্পগুলোকে অগ্রাধিকার ভিত্তিতে এ, বি এবং সি ক্যাটাগরিতে পুনর্বিন্যাস করা হয়।

বি ক্যাটাগরির প্রকল্পগুলোর সরকারি বরাদ্দের অংশের ২৫ শতাংশ কর্তন করা হয়। অর্থাৎ এসব প্রকল্পে সরকারি বরাদ্দের ৭৫ শতাংশ ব্যয় করা যাবে। প্রকল্পটি বি ক্যাটাগরিতে থাকায় সরকার অর্থছাড় কম করেছে।

সম্ভাব্যতা যাচাই ছাড়া এত বড় প্রকল্প কীভাবে নেওয়া হয়, সেটা বড় প্রশ্ন। সব জায়গায় একই নকশায় সেতু করতে গেলে সমস্যা হবেই। এসব সেতু রক্ষণাবেক্ষণ না করা হলে দিনে দিনে আরও ব্যবহার অনুপযোগী হবে।
আদিল মুহাম্মদ খান, গবেষণা ও নীতি বিশ্লেষণী প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক

অনুপযোগী সেতু

আইএমইডির প্রতিনিধিদল সরেজমিনে দেখতে পায়, এই প্রকল্পের অধীনে খাগড়াছড়ির রামগড় উপজেলায় রামগড় ইউনিয়নের তোকানিয়া খালের ওপর নির্মিত ১৩ মিটার দৈর্ঘ্যের সেতুর পার্শ্বদেয়াল কম ও রেলিং ক্রমান্বয়ে ভেঙে যাচ্ছে। পাতাছড়া ইউনিয়নের হালদা খালের ওপর নির্মিত ১৩ মিটার সেতুর পার্শ্বদেয়াল কম দেওয়ায় মাটি সরে সংযোগ সড়ক ঠিক থাকছে না। লক্ষ্মীছড়ি ইউনিয়নে নির্মিত একটি ১১ মিটার সেতুর দুই পাশের মাটি সরে গেছে ও সংযোগ সড়ক দেবে গেছে এবং সিমেন্ট পর্যাপ্ত না দেওয়ায় সেতুটির রেলিংয়ের আস্তরণ ঝুরঝুরে হয়ে গেছে।

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কয়লা ইউনিয়নের আলাইপুরের খালের ওপর ৬ মিটার কালভার্টটি নির্মাণে ব্যয় হয়েছে সাড়ে ১৬ লাখ টাকা। এটির পার্শ্বদেয়াল কম থাকায় দুই পাশের মাটি সরে সংযোগ সড়ক দেবে গেছে। ফলে এটি রিকশা, ভ্যান ও মোটরসাইকেল চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

কয়লা ইউনিয়নের চেয়ারম্যান শেখ সোহেল রানা প্রথম আলোকে বলেন, কালভার্টটি মূল সড়ক থেকে অনেকটা ভেতরে। দুই পাশে সংযোগ সড়ক সেভাবে নেই। তাই সেখানে মানুষের যাতায়াতও কম। কাছেই মূল সড়ক। সেখানে কালভার্ট দরকার হলেও তা করা হয়নি।

আইএমইডির প্রতিবেদন এই প্রকল্পের শতভাগ প্রতিফলন নয়। তবে কিছু সমস্যা রয়েছে। লোকবলের ঘাটতি আছে। কিছু সেতু উঁচু। কিন্তু উঁচু না করা হলে নৌযান চলাচলে সমস্যা হতো। আইএমইডির সুপারিশ আমলে নেওয়া হয়েছে।
শফিকুল ইসলাম, প্রকল্পের পরিচালক

এ প্রকল্পের অধীনে খুলনার পাইকগাছা উপজেলার দেলুটি ইউনিয়নে নির্মিত সেতুটির উচ্চতা সড়কের চেয়ে অনেক বেশি। ফলে ছোট যানবাহন চলাচলে সমস্যা হচ্ছে। খালের তুলনায় সেতুর দৈর্ঘ্য কম হওয়ায় খালের দুই পাশে মাটিও ভরাট করতে হয়েছে। পার্শ্বদেয়াল ছোট হওয়ায় এখনই মাটি সরে যাচ্ছে।

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার রসুলপুর ইউনিয়নে একটি সেতুর কাজ চলছে। আইএমইডির প্রতিনিধিদল দেখেছে, সেতুটির নির্মাণকাজের গুণগত মান সন্তোষজনক নয়। সড়ক থেকে অনেক উঁচু করে নির্মাণ করায় যানবাহন চলাচলেও সমস্যা হবে। রংপুর জেলার পীরগাছা উপজেলাতেও নির্মাণাধীন একটি সেতু সড়ক থেকে অনেক উঁচুতে নির্মাণ করা হচ্ছে।

প্রকল্পের পরিচালক শফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, আইএমইডির প্রতিবেদন এই প্রকল্পের শতভাগ প্রতিফলন নয়। তবে কিছু সমস্যা রয়েছে। লোকবলের ঘাটতি আছে। কিছু সেতু উঁচু। কিন্তু উঁচু না করা হলে নৌযান চলাচলে সমস্যা হতো। আইএমইডির সুপারিশ আমলে নেওয়া হয়েছে।

কালভার্টটি মূল সড়ক থেকে অনেকটা ভেতরে। দুই পাশে সংযোগ সড়ক সেভাবে নেই। তাই সেখানে মানুষের যাতায়াতও কম। কাছেই মূল সড়ক। সেখানে কালভার্ট দরকার হলেও তা করা হয়নি।
শেখ সোহেল রানা, কয়লা ইউনিয়নের চেয়ারম্যান

ভগ্ন হবে সেতুর দশা

প্রকল্পে সেতুর যে নকশা করা হয়েছে, তাতে দুর্বলতা পেয়েছে আইএমইডি। অঞ্চল ভেদে খালের আকার ও গভীরতায় ভিন্নতা রয়েছে। কিন্তু প্রকল্পে মাত্র দুটি আকৃতির নকশা ঠিক করা হয়েছে; যা বাস্তবতার সঙ্গে সংগতিপূর্ণ নয়। সেতুর পাশের দেয়ালও (উইং ওয়াল) অনেক ছোট। ফলে উঁচু সেতুগুলোর সংযোগ সড়ক দেবে ভেঙে পড়ছে। কিছু সেতুর উচ্চতা সড়কের তুলনায় অনেক বেশি হওয়ায় যানবাহন ধাক্কা দিয়ে ওঠাতে হচ্ছে।

পুরো প্রকল্পটিতে তদারকির ঘাটতি রয়েছে বলে আইএমইডির প্রতিবেদনে বলা হয়েছে। উপজেলা পর্যায়ে একজন ডিপ্লোমা প্রকৌশলী ছাড়া আর কোনো কারিগরি লোকবল নেই। প্রকল্পটির তদারকি হচ্ছে ঢাকার মূল কার্যালয় থেকে।

প্রকল্পের মধ্যবর্তী মূল্যায়নের অংশ হিসেবে কক্সবাজার, সুনামগঞ্জ ও গোপালগঞ্জ জেলায় মাঠপর্যায়ে পরিদর্শন করা হয়েছিল। তাতে প্রতিটি সেতুর জন্য আলাদা নকশা প্রণয়নের সুপারিশ করা হয়। এ ছাড়া সেতুর দুই পাশে সংযোগ অংশ ঢালাই করা, মাটি ধরে রাখতে পাকা দেয়াল নির্মাণ, কাঠের সাটারিং না করা, দৃশ্যমান সংযোগ সড়ক ছাড়া সেতু নির্মাণ প্রকল্প না নেওয়ার সুপারিশ করা হয়।

আইএমইডি নিবিড় পরিবীক্ষণে গিয়ে দেখতে পায়, মধ্যবর্তী মূল্যায়নে যেসব সুপারিশ করা হয়েছিল, সেগুলো বাস্তবায়ন করা হয়নি।

মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়ন করতে গিয়ে দেখা যায়, অতিপ্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ স্থানে সেতু নির্মাণ প্রয়োজন হলেও ১৫ মিটার পর্যন্ত বাধ্যবাধকতা থাকায় সেতুটি প্রকল্পের আওতায় নির্মাণ করা যাচ্ছে না। অনেক ক্ষেত্রে মাত্র কয়েক ফুটের জন্য সেতু নির্মাণ করা সম্ভব হচ্ছে না। এমন পরিস্থিতিতে ২০২১ সালের জুলাইয়ে সংশোধিত প্রকল্প প্রস্তাবে সেতুর দৈর্ঘ্য ২-১ মিটার বাড়ানোর সিদ্ধান্ত হয়। তবে তা কার্যকর হয়নি।

প্রকল্পে রক্ষণাবেক্ষণ ও মেরামত বাবদ বরাদ্দ না রাখায় ইতিমধ্যে সমস্যাগ্রস্ত হয়ে পড়া সেতু বা কালভার্টের সংস্কার করা হচ্ছে না। ফলে কয়েক বছরের মধ্যেই এগুলো ভগ্নদশায় পরিণত হবে বলে আইএমইডির প্রতিবেদনে বলা হয়।

এই বিষয়ে গবেষণা ও নীতি বিশ্লেষণী প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক আদিল মুহাম্মদ খান প্রথম আলোকে বলেন, সম্ভাব্যতা যাচাই ছাড়া এত বড় প্রকল্প কীভাবে নেওয়া হয়, সেটা বড় প্রশ্ন। সব জায়গায় একই নকশায় সেতু করতে গেলে সমস্যা হবেই। এসব সেতু রক্ষণাবেক্ষণ না করা হলে দিনে দিনে আরও ব্যবহার অনুপযোগী হবে।