ইউল্যাব ও আইএএমসিআর বাংলাদেশের আয়োজনে ঢাকা মিডিয়া সামিটের দ্বিতীয় আসর

এবারের ঢাকা মিডিয়া সামিনেটের প্রতিপাদ্য ‘রিশেইপিং সিনেমা ন্যাটেরিভস’
ছবি: সংগৃহীত

ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন ফর মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন রিসার্চ বাংলাদেশ (আইএএমসিআর) ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) মিডিয়া স্টাডিজ এন্ড জার্নালিজম বিভাগের যৌথ আয়োজনে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ঢাকা মিডিয়া সামিট। ইউল্যাবের গবেষণা ভবন মিলনায়তনে আগামী শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে দু দিনব্যাপী এই সামিট।

‘রিশেইপিং সিনেমা ন্যাটেরিভস’ প্রতিপাদ্যে এবারের আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র বিষয়ক গবেষক, শিক্ষক, সাংবাদিক, চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক, নীতি নির্ধারক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা আলোচনায় অংশগ্রহণ করবেন। সামিটে আমন্ত্রিত অতিথিরা বিভিন্ন দেশ থেকে সশরীর ও ভার্চ্যুয়ালি যুক্ত হবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

প্রাচীন মিডিয়া থেকে আধুনিক প্রযুক্তির উৎকর্ষে বদলে যাওয়া চলচ্চিত্র আর সেই প্রেক্ষাপটে চলচ্চিত্র নির্মাতাদের বদলে যাওয়া কর্মপন্থা বিষয়ে আলোকপাত করবে এই সামিটটি। পাশাপাশি বাংলাদেশে চলচ্চিত্রের উপর সেন্সরশিপ নিয়ন্ত্রণ এবং ওটিটি মাধ্যমের উত্থানের মাধ্যমে চলচ্চিত্র নির্মাণ, পরিবেশন ও প্রদর্শনে যে ভিন্ন মাত্রা যোগ করেছে সেসব বিষয়ও উঠে আসবে সামিটের বিভিন্ন আয়োজনে।

 ১১টি দেশের প্রতিষ্ঠান থেকে ৫৮টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে এই সামিটে। শুধু তাই নয়, দুদিনের এই সামিটে গবেষণাপত্র উপস্থাপনের পাশাপাশি থাকছে স্বারক বক্তৃতা, কর্মশালা, গোলটেবিল বৈঠক, মতবিনিময় সভা, মাস্টারক্লাসসহ আরও বিভিন্ন আয়োজন।