‘আকিজ মেডিপ্লেক্স’–এর উদ্বোধন করেন আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হোসেনসহ সংশ্লিষ্টরা
‘আকিজ মেডিপ্লেক্স’–এর উদ্বোধন করেন আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হোসেনসহ সংশ্লিষ্টরা

আকিজ রিসোর্স নিয়ে এল ‘মেডিপ্লেক্স’

রাজধানীর মিরপুর ১০-এ প্রথম ডায়াগনস্টিক সেন্টার উদ্বোধনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ আকিজ রিসোর্সের অঙ্গপ্রতিষ্ঠান ‘আকিজ মেডিপ্লেক্স’।

গত বুধবার এই ডায়াগনস্টিক ও কনসালটেশন সেন্টারের উদ্বোধন করেন আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হোসেন। এর মধ্য দিয়ে নির্মাণশিল্প, ভোগ্যপণ্য, প্রযুক্তি ও সেবা খাতের পর এবার স্বাস্থ্যসেবা খাতেও যুক্ত হলো আকিজ রিসোর্স।

ডায়াগনস্টিক সেন্টারটিতে রোগনির্ণয়ের এআইনির্ভর অত্যাধুনিক যন্ত্রপাতি এবং অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে সব ধরনের ডায়াগনস্টিক ও ল্যাবরেটরি পরীক্ষার সুবিধা পাওয়া যাবে। এ ছাড়া রোগীদের সুবিধার কথা মাথায় রেখে হোম স্যাম্পল কালেকশন এবং স্বয়ংক্রিয় ভাইটাল চেকের ব্যবস্থাও রাখা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে আকিজ রিসোর্সের চেয়ারম্যান ফারিয়া হোসেন বলেন, ‘স্বাস্থ্যসেবা এমন একটি খাত, যা সরাসরি মানুষের জীবনমানের সঙ্গে সম্পর্কিত। আমরা বিশ্বাস করি, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাও সমান গুরুত্বপূর্ণ। সেই ভাবনা থেকেই স্বাস্থ্য খাতে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

আকিজ মেডিপ্লেক্স লিমিটেডের চিফ বিজনেস অফিসার আবু জাফর ইকবাল আহমেদ বলেন, ‘আমরা এমন একটি সেবার পরিবেশ গড়ে তুলতে চাই, যেখানে প্রযুক্তি, দক্ষতা ও মানবিক সেবার সমন্বয়ে রোগীরা দ্রুত ও নির্ভরযোগ্য রোগনির্ণয় সেবা পাবেন।’

আকিজ মেডিপ্লেক্সে থাকছে বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বার, জার্মানপ্রযুক্তির অত্যাধুনিক ল্যাবরেটরি, ডিজিটাল রিপোর্টিং ব্যবস্থা, অনলাইন অ্যাপয়ন্টমেন্ট, হোম স্যাম্পল কালেকশন সেবা এবং আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি সুবিধা।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আকিজ রিসোর্সের চিফ বিজনেস ডেভেলপমেন্ট অফিসার তৌফিক হাসান, ডেপুটি সিওও সোহানুর রহমান সোহান, ক্লাস্টার সিএফও আশফাক চৌধুরীসহ আকিজ রিসোর্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা।