
দুর্গম পার্বত্য অঞ্চলে সেনা ক্যাম্প পরিদর্শনে রাঙামাটি সফর করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। বৃহস্পতিবার রাঙামাটি অঞ্চলের বিলাইছড়ি ও কাপ্তাই জোনের সেনা ক্যাম্প পরিদর্শন করেন তিনি।
সেনাপ্রধান পার্বত্য অঞ্চলে দায়িত্ব পালনরত সেনাসদস্যদের সঙ্গে কুশল ও মতবিনিময় করেন। দুর্গম ও প্রতিকূল পরিবেশে সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও দেশের শান্তি-শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় তাদের পেশাদারি, নিষ্ঠা ও নিরলস প্রচেষ্টার জন্য আন্তরিক সাধুবাদ জানান তিনি। ভবিষ্যতেও একইভাবে দায়িত্ব পালনের জন্য সেনাসদস্যদের নির্দেশনা প্রদান করেন সেনাপ্রধান।
সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; সেনাবাহিনীর সামরিক সচিব; সেনা সদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা।