
মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বাধীনতা–পরবর্তী গণতান্ত্রিক আন্দোলন–সংগ্রামে রাজপথের সাহসী মুখ জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান জীবনের ৭০ বছর পূর্ণ করলেন। এ উপলক্ষে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে গতকাল শনিবার বিকেলে অনুষ্ঠিত হলো তাঁর ৭০ বছর পূর্তির অনুষ্ঠান।
ফুলেল শুভেচ্ছা, আবৃত্তি, কবির নির্বাচিত কবিতা ও স্মারক গ্রন্থের প্রকাশনা আলোচনা ও কাব্য–নৃত্যনাট্য দিয়ে সাজানো হয়েছিল আনন্দঘন এই আয়োজন।
প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ সাংসদ নূরুল ইসলাম মণি ও বিশেষ অতিথি ছিলেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সভাপতিত্ব করেন জন্মদিন উদ্যাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক সলিমুল্লাহ খান। আলোচনায় অংশ নেন সাংসদ শিমুল বিশ্বাস, প্রবীণ কবি মতিন বৈরাগী, বিপ্লবী কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের আহ্বায়ক জামসেদ আনোয়ার, প্রকাশক ওসমান গনিসহ অনেকে।
অনুষ্ঠান শুরু হয় সমবেত সংগীত দিয়ে। এরপর ছিল কবি মোহন রায়হানের জীবনী নিয়ে প্রামাণ্যচিত্র ‘অগ্নিপথের কবি’ প্রদর্শনী। এরপর বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে এবং ব্যক্তিগতভাবে কবির অনুরাগী ও সুহৃদেরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
সভাপতির বক্তব্যে সলিমুল্লাহ খান বলেন, মোহন রায়হানের জীবন বাংলাদেশের সাহিত্য–সংস্কৃতির সঙ্গে গভীরভাবে যুক্ত। তাঁর সৃজন ও সংগ্রাম তরুণ প্রজন্মকে প্রতিবাদী হতে অনুপ্রেরণা দিতে পারে। সেই লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
পরে কবি তাঁর প্রতিক্রিয়ায় বলেন, তিনি অভিভূত। ব্যক্তিগতভাবে কোনো স্বার্থ, লোভ বা পদ-পদবির জন্য তিনি প্রত্যাশী ছিলেন না। সারা জীবন জনগণের সঙ্গে ছিলেন, আজীবন সেই আদর্শই লালন করে যেতে চান।
অনুষ্ঠানে অন্য প্রকাশ থেকে প্রকাশিত কবি মোহন রায়হানের নির্বাচিত ১০০ কবিতার মোড়ক উন্মোচন করা হয়। এ ছাড়া জন্মদিন উদ্যাপন পরিষদ একটি স্মারকগ্রন্থ প্রকাশ করেছে। সেটিরও মোড়ক উন্মোচন করা হয়।
পরে তাঁর কবিতা থেকে বিশিষ্ট আবৃত্তিকারেরা আবৃত্তি করেন। শেষে ছিল তাঁর কাব্য অবলম্বনে একটি কাব্য নৃত্যনাট্য পরিবেশনা।
বিশিষ্ট নাট্যকার সেলিম আল দীনের ৭৮তম জন্মদিন উপলক্ষে ধ্রুপদি আর্ট সেন্টার গতকাল শনিবার সন্ধ্যায় মহিলা সমিতি মিলনায়তনে ‘ভাঙা প্রেম অশেষ বিশেষ’ শীর্ষক সেলিম আল দীনের রচনা থেকে পাঠের আয়োজন করে।
প্রথম পর্বে সেলিম আল দীনের জীবন ও নাট্যকর্ম নিয়ে আলোচনা করেন বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইউসুফ হাসান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক কাজী সুস্মিন আফসানা ও নাট্যকর্মী জাহেদুল আলম।
পরে ছিল সেলিম আল দীনের বিশেষ রচনা ‘ভাঙা প্রেম অশেষ বিশেষ’ থাকে পাঠ। ডায়েরির মতো অন্তরঙ্গ করে এই লেখায় সেলিম আল দীন জীবন, প্রেম, অস্তিত্ব ও দার্শনিক ভাবনাকে এক অনন্য ভাষ্যে নদীর মতো করে প্রবাহিত করেছেন। এর নির্দেশনা ও পাঠে অংশ নেন সামিউন জাহান।
পাঠ ও সংগীতে আরও অংশ নেন হুমায়ুন আজম, লুসি তৃপ্তি গমেজ, শাহজাদা সম্রাট চৌধুরী, শ্যামাঙ্গী শ্যামা, ওয়াহিদ আনসার, ফারহান ইশরাক।