ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)

বাসসের এমডিকে বরখাস্তের দাবিতে তথ্যসচিবকে ডিআরইউর স্মারকলিপি

বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মাহবুব মোর্শেদের বিরুদ্ধে পেশাদার সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে তাঁকে অবিলম্বে বরখাস্ত ও বিচারের দাবি করেছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। সংগঠনটি সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এ দাবিতে সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব বরাবর ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল স্মারকলিপি দিয়েছেন। স্মারকলিপিতে বাসসের এমডিকে বরখাস্ত এবং তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

ডিআরইউ নেতারা বলেন, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। একই সঙ্গে পেশাদার সাংবাদিকদের সম্মান, নিরাপত্তা ও অধিকার রক্ষায় সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।

সংবাদ বিজ্ঞপ্তিতে ডিআরইউ নেতারা অভিযোগ করেন, দায়িত্ব গ্রহণের পর থেকে মাহবুব মোর্শেদ বিভিন্ন সময়ে সাংবাদিক ও সাংবাদিক সংগঠনের নেতাদের সঙ্গে অসম্মানজনক আচরণ করে আসছেন, যা জাতীয় সংবাদ সংস্থার প্রধান হিসেবে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।