মহিলা পরিষদের তথ্য

আগস্টে ১১৫ নারী ও কন্যাশিশু হত্যা ও ধর্ষণের শিকার

চলতি বছরের আগস্ট মাসে ২২৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ঘটেছে হত্যা ও ধর্ষণের ঘটনা। ১১৫ জন নারী ও কন্যাশিশু হত্যা ও ধর্ষণের শিকার হয়েছে। হত্যার ক্ষেত্রে নারী ও ধর্ষণের ক্ষেত্রে কন্যাশিশুরা সবচেয়ে বেশি ভুক্তভোগী।

১৫টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে আগস্ট মাসের নারী ও কন্যাশিশু নির্যাতন পরিস্থিতির এ তথ্য তুলে ধরেছে বাংলাদেশ মহিলা পরিষদ। আজ সোমবার সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য তুলে ধরা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, নির্যাতনের শিকার ২২৩ জনের মধ্যে হত্যার শিকার হয়েছেন ৬২ জন। এর মধ্যে নারী ৫৫ জন, কন্যাশিশু ৭ জন। এ ছাড়া পাঁচজন হত্যাচেষ্টার শিকার হয়েছেন। রহস্যজনক মৃত্যু হয়েছে ১৭ জনের।

ধর্ষণের শিকার ৫৩ জনের মধ্যে ৩১ জন কন্যাশিশু ও ২২ জন নারী। এর মধ্যে ১৫ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের পর হত্যা করা হয়েছে দুই কন্যাশিশুকে। এ ছাড়া ১০ কন্যাশিশুসহ ১৩ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। যৌন সহিংসতার শিকার হয়েছে ৬ কন্যাশিশু ও ১০ নারী।

পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন পাঁচজন। একজন নারী গৃহকর্মীকে হত্যা করা হয়েছে। পাঁচ কন্যাশিশু অপহরণ এবং দুই কন্যাশিশু পাচারের শিকার হয়েছে। এক কন্যার বাল্যবিবাহ ও এক নারীর জোরপূর্বক বিয়ে হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ২ কন্যাশিশু ও ১০ নারী। এ ছাড়া অন্যান্য নানা কারণে নির্যাতনের শিকার হয়েছে নারী ও কন্যাশিশুরা।

সাংগঠনিক মাস পালন কর্মসূচির উদ্বোধন

এদিকে পৃথক বিবৃতিতে বাংলাদেশ মহিলা পরিষদ সাংগঠনিক মাস পালন কর্মসূচির উদ্বোধনের তথ্য জানিয়েছে। বিবৃতিতে বলা হয়, প্রতিবছর সংগঠনের শক্তি বৃদ্ধি এবং সংগঠন সংহত করার লক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ ১ থেকে ২৫ সেপ্টেম্বর সাংগঠনিক মাস পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার বেলা সাড়ে তিনটায় সংগঠনের উদ্যোগে রাজধানীর সেগুনবাগিচায় কেন্দ্রীয় কার্যালয়ের সুফিয়া কামাল ভবন মিলনায়তনে এবং সব জেলা শাখায় ‘সাংগঠনিক মাস পালন’ কর্মসূচির উদ্বোধন হয়।

‘তৃণমূলে সংগঠন সংহত করি, গণতন্ত্র, সুশাসন ও সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার সংগ্রাম শক্তিশালী করি’ স্লোগানের আলোকে অনুষ্ঠানে পুরোনো সদস্যদের সদস্যপদ নবায়ন করাসহ নতুনদের সদস্য করা হয়। অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন মাধবী বণিক, মাহফুজা রুমি, আরিফা আক্তার।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মালেকা বানু, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদা রেহানা বেগম, প্রতিষ্ঠাতা সদস্য মুনিরা আক্তার প্রমুখ।