আলমগীর হোসেন ও তারিকুল ইসলাম মাসুম
আলমগীর হোসেন ও তারিকুল ইসলাম মাসুম

ডিজাবের নতুন সভাপতি হলেন আলমগীর, সম্পাদক তারিকুল

প্রতিরক্ষাবিষয়ক সাংবাদিকদের সংগঠন ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিজাব) সভাপতি হয়েছেন দৈনিক খবরের কাগজের বিশেষ প্রতিনিধি আলমগীর হোসেন এবং সাধারণ সম্পাদক হয়েছেন চ্যানেল আইয়ের জয়েন্ট অ্যাসাইনমেন্ট এডিটর তারিকুল ইসলাম মাসুম।

আলমগীর হোসেন বিদায়ী কমিটিরও সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন।

আজ বৃহস্পতিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলের একটি অভিজাত রিসোর্টে সংগঠনের নির্বাহী কমিটির দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এর আগে সেখানে সদস্যদের অংশগ্রহণে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় বিদায়ী কমিটির কাঠামোগত আকার কমিয়ে ১১ সদস্যবিশিষ্ট নতুন নির্বাহী কমিটি নির্বাচন করা হয়। কমিটির মেয়াদ হবে দুই বছর।

নবনির্বাচিত কমিটির অন্য সদস্যরা হলেন সহসভাপতি বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি জামাল উদ্দিন, যুগ্ম সম্পাদক ঢাকা ট্রিবিউনের চিফ রিপোর্টার আলী আসিফ শাওন, অর্থ সম্পাদক বাংলাদেশ প্রতিদিনের সিনিয়র রিপোর্টার কাজী সোহাগ, সাংগঠনিক সম্পাদক রুপালি বাংলাদেশের সিনিয়র রিপোর্টার সাইফ বাবলু, দপ্তর সম্পাদক (প্রচার ও প্রশিক্ষণ) দ্য নিউজ টুয়েন্টিফোর ডটকমের বিশেষ প্রতিনিধি কামাল হোসেন তালুকদার এবং আন্তর্জাতিক সম্পাদক অলক্রাইমস.টিভির সম্পাদক হাবিবুল্লাহ মিজান। এ ছাড়া তিনজন নির্বাহী সদস্য হলেন সিটিজেন জার্নালের বিশেষ প্রতিনিধি আয়নাল হোসেন, দৈনিক নয়াদিগন্তের সিনিয়র রিপোর্টার এস এম মিন্টু ও ঢাকা পোস্টের সিনিয়র রিপোর্টার মনি আচার্য্য।

ডিজাবের এই  নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন সংগঠনের সাবেক সভাপতি মামুনুর রশীদ। অপর দুজন হলেন ডিজাবের সিনিয়র সদস্য ও দেশকাল নিউজের অ্যাসাইনমেন্ট এডিটর মাসুদ করিম এবং ইনভেস্টিগেটিভ জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইজ্যাব) সভাপতি ও দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার নেসারুল হক খোকন।

বিদায়ী কমিটির সভাপতি আলমগীর হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আহম্মদ উল্লাহর পরিচালনায় বার্ষিক সাধারণ সভায় মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। ডিজাব জানায়, এতে রাষ্ট্রের সুরক্ষা এবং প্রতিরক্ষা খাতের আরও আধুনিকায়ন, সক্ষমতা বাড়ানোসহ নানা বিষয়ে লেখালেখির মাধ্যমে সাংবাদিকদের ভূমিকা রাখতে গঠনমূলক আলোচনা করা হয়।