সন্তান নিতে প্রধান শিক্ষকের অনুমতি লাগবে, কথাটি গুজব

কোনো শিক্ষিকা সন্তান নিতে চাইলে প্রধান শিক্ষকের অনুমতি লাগবে। এমন একটি কথা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো হচ্ছে। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বলছে, এটি গুজব।

কয়েক দিন ধরে ‘কোনো শিক্ষিকাকে বাচ্চা নিতে হলে অনুমতি লাগবে প্রধান শিক্ষকের!’ এমন একটি লেখা স্ক্রিনশট ফেসবুকে ভাইরাল হয়েছে। এ নিয়ে আবার অনেকেই নানা রকমের মন্তব্য করছেন।

এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, এটি গুজব। তাঁদের মন্ত্রণালয় থেকে এ ধরনের কোনো নির্দেশনা দেওয়া হয়নি।