
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ফ্যাকাল্টি অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (এফবিএ) আয়োজনে মঙ্গলবার ডা. আনোয়ারুল আবেদীন লেকচার সিরিজের অংশ হিসেবে ‘উন্নয়নের জন্য রাজস্ব’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেমিনারে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম। এআইইউবির প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর এ বি এম সিদ্দিক হোসেন স্বাগত বক্তব্য প্রদানের মাধ্যমে সেমিনারের সূচনা করেন।
সেমিনারের প্রধান বক্তা আবু হেনা মো. রহমাতুল মুনিম বক্তব্যে দেশের উন্নয়নের জন্য কর প্রদানের গুরুত্বের ওপর জোর দেন। এ ছাড়া তিনি কর প্রদানে প্রযুক্তির ব্যবহার এবং কর আদায়কে আরও সহজ করার ক্ষেত্রে বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। এআইইউবির সহ–উপাচার্য অধ্যাপক মো. আবদুর রহমান প্রধান বক্তাকে তাঁর উপস্থাপনার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
সেমিনার শেষে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমকে সম্মাননা সূচক ক্রেস্ট দেওয়া হয়। এ সময় সেমিনারে জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিনিধি, কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক তাজুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের অ্যাসোসিয়েট ডিন অধ্যাপক ফারহিন হাসান, ফিন্যান্স বিভাগের প্রধান বোহী শাজাহান, হিসাব ও নিরীক্ষা অফিসের পরিচালক খন্দকার সাব্বির মোহাম্মদ, শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তারা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।