কূটনীতিকেরা শিষ্টাচার বজায় রাখবেন, আশা পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন
ফাইল ছবি

দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল বা বিতর্ক সৃষ্টি করে, এমন বিষয়-অনুষ্ঠান থেকে বিদেশি কূটনীতিকেরা বিরত থাকবেন, এমনটা আশা করেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করা হয়।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মমতা হেনা লাভলী পররাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান, দেশের অভ্যন্তরে বিভিন্ন দেশের কূটনীতিকেরা নামসর্বস্ব বিভিন্ন সংস্থার উদ্দেশ্যপ্রণোদিতভাবে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত যাতে না হন, সে ব্যাপারে কোনো উদ্যোগ নেওয়া হবে কি না।

জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সব সময় আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কূটনীতিকদের স্বচ্ছন্দে চলাচলসহ দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে তাঁদের বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখে থাকে। কূটনীতিকেরা দুই দেশের জনগণের স্বার্থে এবং কল্যাণে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। তবে আশা করি, দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল বা বিতর্ক সৃষ্টি করে, এমন বিষয়–অনুষ্ঠান থেকে কূটনীতিকেরা বিরত থাকবেন। তবে আমাদের কোনো কোনো প্রতিষ্ঠান, বিশেষ করে বিরোধী দল ও কিছু গণমাধ্যম তাদের অভ্যন্তরীণ বিষয়ে বক্তব্য দিতে সময়–সময় উৎসাহিত করে, যা অন্যান্য দেশে প্রচলিত নয়।’

কূটনৈতিক সম্পর্ক বিষয়ে ভিয়েনা কনভেনশনের বিধান উল্লেখ করে আব্দুল মোমেন বলেন, সরকার বিদেশি কোনো কূটনীতিককে দ্বিপক্ষীয় সম্পর্কোন্নয়নে সহায়ক কোনো অনুষ্ঠানে উপস্থিত হতে বাধা দেবে না। তিনি আশা করেন, এসব অনুষ্ঠানে কূটনীতিকেরা কূটনৈতিক শিষ্টাচার বজায় রাখবেন এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল কোনো মন্তব্য করা থেকে বিরত থাকবেন।

সংসদ সদস্য আবুল কালাম আজাদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশে কর্মরত কিছু বিদেশি রাষ্ট্রদূত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে সরকারের বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় বক্তব্য দেন। তাঁদের এ ধরনের শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দেওয়া থেকে বিরত রাখার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গণমাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য করা কূটনীতিকদের কাছে তাদের বক্তব্যের বিষয়ে ব্যাখ্যা চাওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাঁদের কূটনৈতিক শিষ্টাচার অনুসরণ করে দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানানো হয়েছে। গণমাধ্যমে রাষ্ট্রীয় অভ্যন্তরীণ বিষয়ে মন্তব্য না করে যথাযথ দপ্তরগুলোর মাধ্যমে তাদের জানানোর জন্য দূতাবাসগুলোকে জানিয়ে দেওয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সম্প্রতি লক্ষ্য করা গেছে যে কিছু বিদেশি রাষ্ট্রদূত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে গণমাধ্যমে মন্তব্য করেছেন, যা একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের শামিল।’ তিনি বলেন, বাংলাদেশসহ পৃথিবীর যেকোনো গণতান্ত্রিক রাষ্ট্রে কূটনীতিকেরা ওই রাষ্ট্রের সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্ত দপ্তর বা ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করতে পারেন এবং তাঁদের পক্ষ থেকে যদি কোনো বিষয়ে বক্তব্য থাকে, তা আলোচনা করতে পারেন। তা না করে গণমাধ্যমে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে কূটনীতিকেরা হস্তক্ষেপ বা নেতিবাচক মন্তব্য করলে তা কূটনৈতিক শিষ্টাচারবহির্ভূত। তা গ্রহণযোগ্য নয়।