
বাংলাদেশের আকাশসীমাকে আরও নিরাপদ, দক্ষ ও আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নবনির্মিত ‘এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টার’ (এটিএমসি) উদ্বোধন করা হয়েছে। সোমবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এ কেন্দ্রের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘অত্যাধুনিক ও স্বয়ংক্রিয় এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালুর মাধ্যমে দেশের আকাশসীমা আরও নিরাপদ হবে। এটি আমাদের এভিয়েশন খাতকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’
এ সময় মন্ত্রী সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করে বলেন, ১৯৮০ সালে কুর্মিটোলায় নতুন আন্তর্জাতিক বিমানবন্দর চালুর মাধ্যমে তিনি এ দেশের এভিয়েশন খাতের ভিত্তি রচনা করেছিলেন।
মন্ত্রী আরও জানান, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে একটি বৈশ্বিক এভিয়েশন হাবে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে। এ লক্ষ্য অর্জনে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জ্যঁ-মার্ক সেরে-শার্লে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান থ্যালেসের ভাইস প্রেসিডেন্ট নিকোলাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।