হিন্দু আইন সংশোধন করে নারী ও পুরুষ উভয়ের সমান অধিকার নিশ্চিতের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদ। দুর্গাপূজায় নিরাপত্তা এবং সংখ্যালঘু নির্যাতনের সব ঘটনার তদন্ত ও বিচার নিশ্চিত করতেও সরকারের কাছে দাবি জানায় সংগঠনটি।
শনিবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনের মণি সিংহ-ফরহাদ স্মৃতি ট্রাস্ট ভবনে ‘নারী-পুরুষ সমান অধিকার চাই’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ দাবি জানানো হয়।
সংস্কার পরিষদের সাধারণ সম্পাদক পুলক ঘটক বলেন, বিদ্যমান হিন্দু আইনে নারীরা বাবার সম্পত্তি থেকে বঞ্চিত হন। সম্পত্তি না পেয়ে অনেকের বেঁচে থাকা কষ্টের। আবার অনেক নারীর কাছে এটা মর্যাদা ফিরে পাওয়ার লড়াই।
সংগঠনটির সাংগঠনিক সম্পাদক মীতা রানী রায় চৌধুরী বলেন, বিদ্যমান আইনে হিন্দুসম্প্রদায়ের পুরুষেরা যত খুশি বিয়ে করতে পারেন। অথচ বিবাহবিচ্ছেদের কোনো ব্যবস্থা নেই। এতে একাধিক বিয়ে করা স্বামীকে হিন্দু নারীরা ছাড়তেও পারেন না, আবার সংসারও করতে পারেন না।
সভা থেকে মূলত পাঁচটি হিন্দু আইন সংস্কারের দাবি জানানো হয়েছে। সেগুলো হলো, উত্তরাধিকার আইন, যেখানে পিতা-মাতার সম্পত্তিতে পুত্রসন্তানের উপস্থিতিতে কন্যাসন্তানের অধিকার নেই; দত্তক আইন, যেখানে দত্তক নেওয়ার অধিকার শুধু পুরুষের; অভিভাবকত্ব আইন, যেখানে সন্তানের অভিভাবকত্ব সম্পূর্ণরূপে বাবার; বিবাহবিচ্ছেদ আইন, যেখানে বিবাহবিচ্ছেদের কোনো বিধান নেই এবং ক্ষতিপূরণেরও ব্যবস্থা নেই এবং হিন্দু বিবাহনিবন্ধন আইন, যেখানে বিয়ের নিবন্ধনকে ঐচ্ছিক করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সহসভাপতি সুভাষ সাহা। সভায় এ সংস্কার আন্দোলনকে এগিয়ে নিতে ১ হাজার ১ সদস্যের একটি জাতীয় উপদেষ্টা পরিষদ গঠনের নীতিগত সিদ্ধান্ত হয়।