
ঢাকা বিভাগের বিভিন্ন জেলার খুদে গণিতপ্রেমীদের পদচারণে মুখর মিরপুরের গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট। কুয়াশাঢাকা শীতের সকালেই পরীক্ষা দিতে হাজির হাজার হাজার শিক্ষার্থী।
আজ শুক্রবার রাজধানীর এই শিক্ষাপ্রতিষ্ঠানে শুরু হয়েছে ২৩তম গণিত উৎসবের ঢাকা আঞ্চলিক পর্ব। জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড কমিটির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব।
মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউটের প্রধান শিক্ষক জিনাত ফারহানা এই আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, ‘মেধা বিকাশের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। সন্তানদের মেধা বিকাশ ও জ্ঞানচর্চার জন্য দক্ষ করে তুলতে এ ধরনের আয়োজন প্রয়োজন। এতে গণিতের প্রতি আগ্রহ বাড়াবে। এর মাধ্যমে বাংলাদেশকে শিক্ষার্থীরা বিশ্বে পরিচিত করে তুলতে পারবে।’
বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি বুয়েটের গণিত বিভাগের অধ্যাপক আবদুল হাকিম খান বলেন, ‘শিশুদের উৎসাহ দেখে উজ্জীবিত তিনি। গণিত বিজ্ঞানের একটি ভাষা। এই বার্তা শিশুদের কাছে পৌঁছাতে হবে। এই উৎসব করে কী লাভ, তা জানাতে হবে।’
শুভেচ্ছা বক্তব্যে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সাধারণ সম্পাদক ও প্রথম আলো ডিজিটাল ট্রান্সফরমেশন ও যুব কার্যক্রমের প্রধান মুনির হাসান বলেন, ‘এই অলিম্পিয়াড থেকে বাংলাদেশ স্বর্ণপদক এনেছে। এআই, রোবোটিকসের জন্য গণিত লাগবে। এই ধরনের আয়োজন থেকে বাংলাদেশের জয় আনতে হবে। “গণিত শেখ, স্বপ্ন দেখ” এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি কর্তৃক আয়োজিত “ডাচ্–বাংলা ব্যাংক-প্রথম আলো গণিত উৎসব ২০২৫”-এর ঢাকা আঞ্চলিক পর্ব চলছে।’
ঢাকা আঞ্চলিক উৎসবে ঢাকা মহানগর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ছয় হাজার শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, শিক্ষাবিদ উপস্থিত থাকবেন।