ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।
বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।
ফলে ছয় প্রশাসক স্বাভাবিকভাবেই তাঁদের কার্যক্রম চালিয়ে যেতে পারবেন বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।
এর আগে ঢাকা উত্তর, দক্ষিণসহ দেশের ছয় সিটি করপোরেশনে ছয়জন পূর্ণকালীন প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন গত ২২ ফেব্রুয়ারি জারি করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ।
এই প্রশাসক নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের ছয় আইনজীবী আবেদনকারী হয়ে গত ৪ মার্চ রিটটি করেন। ছয় আইনজীবী হলেন মো. গোলাম কিবরিয়া, জিল্লুর রহমান, মো. আবু দাউদ নিজামী, মো. ইসমাঈল হোসেন, মো. আল মুত্তাকী বিল্লাহ ও সাইফুল্লাহ খালেদ।
রিট আবেদনটি শুনানির জন্য আদালতের আজকের কার্যতালিকায় ৪৭ নম্বর ক্রমিকে ওঠে। আদালতে রিটের পক্ষে আবেদনকারী আইনজীবী মো. গোলাম কিবরিয়া নিজে শুনানিতে অংশ নেন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী।
পরে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নূর মোহাম্মদ আজমী প্রথম আলোকে বলেন, রিট আবেদনটি প্রি-ম্যাচিউর বিবেচনায় আদালত তা খারিজ করে দিয়েছেন। ফলে ছয় প্রশাসক স্বাভাবিকভাবেই তাঁদের কার্যক্রম চালিয়ে যেতে পারবেন।
গত ২২ ফেব্রুয়ারির প্রজ্ঞাপন অনুযায়ী, ছয় সিটি করপোরেশনে যে ছয় প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে তাঁরা হলেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মো. আবদুস সালাম, ঢাকা উত্তর সিটি করপোরেশনে মো. শফিকুল ইসলাম খান, খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, সিলেট সিটি করপোরেশনে আবদুল কাইয়ুম চৌধুরী, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে মো. সাখাওয়াত হোসেন খান ও গাজীপুর সিটি করপোরেশনে মো. শওকত হোসেন সরকার।
রিটের প্রার্থনায় দেখা যায়, ছয় প্রশাসক নিয়োগে গত ২২ ফেব্রুয়ারির ‘মেমো’ কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, মেমোর কার্যক্রম স্থগিতের নির্দেশ কেন দেওয়া হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়।
প্রশাসক নিয়োগের ওই মেমো স্থগিতের পাশাপাশি আইন অনুসারে, ৩০ দিনের মধ্যে মেয়র নির্বাচনের জন্য সব সিটি করপোরেশনে নির্বাচন আয়োজনের নির্দেশনাও চাওয়া হয়েছিল। রিটে স্থানীয় সরকার বিভাগের সচিব, প্রধান নির্বাচন কমিশনার ও ছয়টি সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তাকে বিবাদী করা হয়।