
দেশের দীর্ঘমেয়াদি খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় বাজেটে কৃষি খাতে অন্তত ১০ শতাংশ বরাদ্দের দাবি জানিয়েছেন বিশেষজ্ঞ ও কৃষিবিদেরা। সোমবার রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) মিলনায়তনে আয়োজিত এক সেমিনারে এ দাবি জানানো হয়। ‘বাজেট ২০২৬-২৭: কৃষি উন্নয়নের রূপরেখা ও বাস্তবায়নের চ্যালেঞ্জ’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব)।
সেমিনারে বক্তারা বলেন, দেশের খাদ্যনিরাপত্তা ও কৃষকের আয় বৃদ্ধির পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কৃষি খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া প্রয়োজন। এ জন্য জাতীয় বাজেটের একটি উল্লেখযোগ্য অংশ কৃষি গবেষণা, সম্প্রসারণ ও উন্নয়ন খাতে বরাদ্দ রাখা জরুরি।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক মো. আক্তারুজ্জামান খান। তিনি জানান, ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেটে কৃষি, মৎস্য, প্রাণিসম্পদ এবং পরিবেশ ও বন খাতে মোট ৩৩ হাজার ৮৪৯ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এটি মোট বাজেটের মাত্র ৩ দশমিক ৮ শতাংশ, যা ধারাবাহিকভাবে কমছে।
মূল প্রবন্ধে দীর্ঘমেয়াদি কৃষি উন্নয়নের জন্য চার দফা সুপারিশ করা হয়। এগুলো হলো কৃষি গবেষণা ও সম্প্রসারণে ১০ শতাংশ বরাদ্দ, পচনশীল পণ্যের অপচয় রোধে কোল্ড চেইন স্থাপন, সহজ শর্তে প্রাতিষ্ঠানিক কৃষিঋণ এবং ডিজিটাল কৃষির জন্য পৃথক বাজেট বরাদ্দ। একই সঙ্গে রাজস্ব ঘাটতির কারণে অর্থ ছাড়ে বিলম্ব, তদারকির অভাব, বৈশ্বিক বাজারে উপকরণের মূল্যবৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনকে কৃষি উন্নয়নের প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করা হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও শিল্পবিষয়ক উপদেষ্টা এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণে কৃষি খাতের ভূমিকা অপরিসীম। আর সে কারণেই দেশের কৃষি খাতের আমূল পরিবর্তনে বিএনপি সরকারের সুদূরপ্রসারী ও নানামুখী পরিকল্পনা রয়েছে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ‘খাল কাটা কর্মসূচি’র কথা স্মরণ করে রিজভী বলেন, ‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’—এই নীতিতেই তাঁর দল বিশ্বাস করে। দেশের কৃষি উন্নয়নে তিনি কৃষিবিদদের নিরলসভাবে কাজ করার আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রণালয়ের সচিব রফিকুল ই মোহামেদ কৃষি খাতের আধুনিকায়নে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। সেমিনারে প্রধান আলোচক ছিলেন দীপ্ত টেলিভিশনের হেড অব নিউজ এস এম আকাশ।
আলোচনায় আরও অংশ নেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক কৃষিবিদ মো. আবদুর রহিম এবং বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের (বিএআরসি) নির্বাহী চেয়ারম্যান কৃষিবিদ আবদুস সালাম। এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ কামরুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্যসচিব কৃষিবিদ শাহাদত হোসেন বিপ্লব।