আলম আহমেদ
আলম আহমেদ

গাজীপুর-৪ আসন

ঋণ পরিশোধ করে প্রার্থিতা ফিরে পেলেন আলম

গাজীপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী আলম আহমেদের মনোনয়নপত্র গ্রহণ করে তাঁকে প্রতীক বরাদ্দ দিতে নির্বাচন কমিশনকে (ইসি) নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত।

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আলম আহমেদের করা আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

ঋণখেলাপির অভিযোগে আলম আহমেদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছিলেন গাজীপুরের রিটার্নিং কর্মকর্তা। এর বিরুদ্ধে ইসিতে তিনি আপিল করেন, যা ১৩ ডিসেম্বর খারিজ হয়। এর বৈধতা নিয়ে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেন আলম আহমেদ। হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন। এই আদেশের বিরুদ্ধে ও প্রার্থিতা ফিরে পেতে আপিল বিভাগে আবেদন করেন আলম আহমেদ।

আলম আহমেদের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী প্রবীর নিয়োগী, সঙ্গে ছিলেন আইনজীবী মনিরুজ্জামান আসাদ। নির্বাচন কমিশনের পক্ষে ছিলেন আইনজীবী খান মোহাম্মদ শামীম আজিজ।

পরে আইনজীবী মনিরুজ্জামান আসাদ প্রথম আলোকে বলেন, ‘আইন অনুযায়ী কেউ মনোনয়নপত্র দাখিলের আগের দিনও যদি ঋণের অর্থ পরিশোধ করেন, তাহলে তাঁকে ঋণখেলাপি বলা যাবে না। উনি ২১ ও ২২ নভেম্বর দুটি ব্যাংকে ঋণের বিপরীতে অর্থ (ডাউন পেমেন্ট) পরিশোধ করেন। ব্যাংক দুটির পরিচালনা পর্ষদ তা অনুমোদন করেন এবং গত ২৯ নভেম্বর পুনঃ তফসিল করা হয়। তাই আইনানুযায়ী তাঁকে ঋণখেলাপি বলা যাবে না। শুনানি নিয়ে আলম আহমেদের মনোনয়নপত্র গ্রহণ করে তাঁকে প্রতীক বরাদ্দ দিতে ইসিকে নির্দেশ দিয়েছেন চেম্বার আদালত। ফলে তাঁর নির্বাচনে অংশ নিতে কোনো বাধা রইল না।’