
সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগের অধ্যাদেশকে (আইন) বৈষম্যমূলক উল্লেখ করে তা সংশোধনের দাবি জানিয়েছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি এ এম মাহবুব উদ্দিন খোকন। জ্যেষ্ঠ এই আইনজীবী বলেছেন, ‘আইন (অধ্যাদেশ) হয়েছে সাধুবাদ জানাই। আইনটি ত্রুটিপূর্ণ, বৈষম্যমূলক। সুতরাং এই আইনের সংশোধন দাবি করছি।’
রাজধানীতে হাইকোর্ট বিভাগের বর্ধিত ভবনের সামনে আজ বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এসব কথা বলেন মাহবুব উদ্দিন খোকন।
এর আগে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগের লক্ষ্যে উপযুক্ত ব্যক্তি বাছাই করে প্রধান বিচারপতির রাষ্ট্রপতিকে পরামর্শ প্রদানের উদ্দেশ্যে গত মঙ্গলবার ‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ-২০২৫’ জারি করা হয়। অধ্যাদেশ অনুযায়ী, উপযুক্ত ব্যক্তি বাছাইয়ে প্রধান বিচারপতির নেতৃত্বে ‘সুপ্রিম জুডিশিয়াল অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল’ নামে সাত সদস্যের একটি কাউন্সিল থাকবে। কাউন্সিলের সদস্য হিসেবে থাকবেন আপিল বিভাগের একজন প্রবীণতম বিচারক, হাইকোর্ট বিভাগের দুজন প্রবীণতম বিচারক, আপিল বিভাগের একজন অবসরপ্রাপ্ত বিচারক, অ্যাটর্নি জেনারেল এবং একজন আইনের অধ্যাপক বা আইনবিশেষজ্ঞ। আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারক এবং একজন আইনের অধ্যাপক বা আইনবিশেষজ্ঞকে মনোনীত করবেন কাউন্সিলের প্রধান। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল সচিবের দায়িত্ব পালন করবেন। এই কাউন্সিল নিজ উদ্যোগে উপযুক্ত প্রার্থীদের নাম সংগ্রহ করবে। পাশাপাশি গণবিজ্ঞপ্তির মাধ্যমেও আবেদন আহ্বান করবে।
আইনজীবী প্রতিনিধি থাকবে না, এটা গ্রহণযোগ্য নয়
মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, নিম্ন আদালতের বিচারকদের প্রতিনিধিত্ব করার জন্য এখানে আইনে তাদের প্রতিনিধি আছে। আর সংখ্যাগরিষ্ঠ নিয়োগ (বিচারপতি) হয় কিন্তু আইনজীবী থেকে, সেখানে কোনো প্রতিনিধি নেই। তিনি বলেন, ‘এটা শুধু আমাকে না, সকল আইনজীবীকে হতাশ করেছে। তাহলে আইনটা করল কে? আইন মন্ত্রণালয়। খসড়া করল আইন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের প্রভাব এই আইন প্রণয়নে ছিল স্পষ্ট। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগ করবেন আইনজীবীদের মধ্য থেকে। সুপ্রিম কোর্ট বার বা বার কাউন্সিলের কোনো প্রতিনিধি থাকবে না আর নিম্ন আদালতের বিচারকদের প্রতিনিধি এখানে থাকবে—বিশ্বাস করা যায়?
আইন উপদেষ্টা বা সরকার কি ইচ্ছা করে আইনজীবী প্রতিনিধিত্ব বাদ দিয়েছে—এমন প্রশ্ন রেখে মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘গত বিচারপতি নিয়োগে দেখেছি একজন (আইনজীবী) ১৬ বছর সুপ্রিম কোর্টে একটি মামলা করেনি, অর্থাৎ কোর্টের সঙ্গে তার সম্পর্ক নেই, সে বিচারপতি হয়েছে। দুই বছরে দুইটা মামলা করেছে, সে বিচারপতি হয়েছে।’ তিনি বলেন, ‘এখন যদি সুপ্রিম কোর্টের আইনজীবীদের কোনো প্রতিনিধি থাকত, তাহলে আমরা বলতে পারতাম এই লোকটা প্র্যাকটিস করে, ভালো আইনজীবী।…এখন ঘুরেফিরে কিন্তু আমলাদের কাছে রয়ে গেল।’
সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘বিচারকদের অ্যাসোসিয়েশন দাবি করেছে ৭০ শতাংশ বিচারপতি নিয়োগ করতে হবে তাদের মধ্য থেকে। আপনারা অনেকে হাইকোর্ট কার্যধারা সম্পর্কে জানেন না। শোনেননি কার্যধারা, আপনারা হাইকোর্টে এসে বিচারপতি হয়ে যাবেন। হন ভালো...যাঁদের ভালো মেধা আছে, তাঁরা হন। কিন্তু আপনাদের প্রতিনিধি থাকবে, আইনজীবী প্রতিনিধি থাকবে না—এটা গ্রহণযোগ্য না।’
অনতিবিলম্বে আইনজীবীদের অসন্তোষ দূর করার জন্য, পাশাপাশি আইনজীবীদের মধ্য থেকে ভালো বিচারপতি নিয়োগের জন্য এই আইনটা (অধ্যাদেশ) সংশোধন করা উচিত বলে মনে করেন মাহবুব উদ্দিন খোকন। তিনি বলেন, ‘আইনজীবীদের প্রতিনিধি যাতে এখানে থাকে, সে ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানাচ্ছি।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুব উদ্দিন খোকন বলেন, পদাধিকারবলে অ্যাটর্নি জেনারেল বার কাউন্সিলের চেয়ারম্যান। মানে উনি রাষ্ট্রের প্রতিনিধি। তিনি নির্বাচিত প্রতিনিধি না। আইনবিশেষজ্ঞের কথা বলা হয়েছে, সেখানে আইনবিশেষজ্ঞ কাকে ঠিক (চয়েস) করবে, তা বলা নেই। এখানেও শূন্যতা আছে।
মাহবুব উদ্দিন খোকন বলেন, অত্যন্ত লজ্জাজনক ব্যাপার, দরখাস্ত দিয়ে হাইকোর্টের বিচারপতি হতে হবে। তিনি বলেন, ‘আমি মনে করি, যাঁদের সম্মানবোধ আছে, যাঁরা ভালো প্র্যাকটিস করেন, যাঁরা সুপ্রিম কোর্টের সাংবিধানিক পদে আসতে চান বিচারপতি হিসেবে…তাঁদের অসম্মান করা হলো।..যেসব আইনজীবীর প্র্যাকটিস নাই, বেকার, চাকরি খুঁজছে, তারা দরখাস্ত দিয়ে আসবে।’ এটি সংশোধন করা উচিত বলে মনে করেন মাহবুব উদ্দিন খোকন।
সমিতির সাধারণ সভা
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির বৃহস্পতিবার অনুষ্ঠিত সাধারণ সভা এবং সভার সিদ্ধান্তের কথা উল্লেখ করে বিকেলে মাহবুব উদ্দিন খোকন প্রথম আলোকে বলেন, আইন (অধ্যাদেশ) করার জন্য সরকারকে ধন্যবাদ জানানো হয়। আইনটি বৈষম্যমূলক। তাই বৈষম্য দূর করে সংশোধন না হওয়া পর্যন্ত অধ্যাদেশ যাতে কার্যকর না করা হয়, সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। সভার সিদ্ধান্ত প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি ও আইন উপদেষ্টার কাছে পাঠানো হবে।
অধ্যাদেশের চারটি ধারা সংশোধন চেয়ে নোটিশ
‘সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ–২০২৫’–এর চারটি ধারা সংশোধনে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অনুরোধ জানিয়ে আইনি নোটিশ পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। এ বিষয়ে তিন দিনের মধ্যে পদক্ষেপ অনুরোধ জানানো হয়েছে। তা না হলে আদালতের দ্বারস্থ হওয়ার কথা জানিয়েছেন নোটিশদাতা। আজ বৃহস্পতিবার রেজিস্ট্রি ডাকযোগে আইন সচিব বরাবর ওই নোটিশ পাঠানো হয় বলে জানিয়েছেন নোটিশদাতা আইনজীবী মো. আজমল হোসেন।
আইনি নোটিশে উল্লেখিত অধ্যাদেশের চারটি ধারা হচ্ছে ৩, ৪, ৬ ও ৮। অধ্যাদেশের ৩ ধারায় কাউন্সিল প্রতিষ্ঠা, ৪ ধারায় কাউন্সিল সচিব, ৬ ধারায় কাউন্সিলের ক্ষমতা ও কার্যাবলি এবং ৮ ধারায় হাইকোর্ট বিভাগের বিচারক নিয়োগবিষয়ক সুপারিশ সম্পর্কে বলা রয়েছে।