কীর্তিমতীদের খোঁজ জানান আপনিই

ঘরে-বাইরে, কর্মে ও গুণে, প্রতিদিনের জীবন-প্রয়াসে সমানতালে এগিয়ে যাচ্ছেন নারীরা। সভ্যতার উত্থানে, জ্ঞান-বিজ্ঞান-প্রযুক্তির উৎকর্ষে পুরুষের চেয়ে নারীদের অবদান কোনো অংশেই কম নয়। তবে এর মধ্যেও কিছু নারী শ্রম, মেধা ও কীর্তিতে হয়ে ওঠেন অগ্রগণ্য। কীর্তির আলোয় তাঁরা নিজেদের পাশাপাশি আলোকিত করে তোলেন আশপাশের আরও অনেকের জীবন।

১৫ বছরেরও বেশি সময় ধরে দেশের নানা প্রান্তে ছড়িয়ে থাকা এমনই কীর্তিমতীদের খুঁজে বের করছে ‘রাঁধুনী’। ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবসের প্রেক্ষাপটে প্রতিবছর তাঁদের অবদানকে সম্মানিত করছে ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা’ প্রদানের মাধ্যমে। সারা দেশ থেকে চারটি ক্ষেত্রের চারজন সফল নারীকে খুঁজে বের করে তাঁদের অর্জিত সাফল্য এবং এর পেছনের কর্মপ্রয়াসকে সম্মাননা জানানোর ক্ষেত্রগুলো হচ্ছে—সাংবাদিকতা, ব্যবসায় উদ্যোগ, সমাজ উন্নয়ন ও ক্রীড়া।

উত্তরোত্তর নারীদের সংগ্রাম ও সফলতাকে অভিবাদন জানিয়ে আরও বেশি করে তাঁদের জীবনবাস্তবতার পাশে থাকতে এ বছরও শুরু হচ্ছে কীর্তিমতীদের খোঁজার অভিযান ‘রাঁধুনী কীর্তিমতী সম্মাননা ২০২২’।

এবারের প্রয়াসে ‘রাঁধুনী’ পাশে চায় আপনাকেও। কারণ, রাঁধুনী বিশ্বাস করে, অদম্য কীর্তিতে এগিয়ে থাকা কোনো না কোনো কীর্তিমতী নারীকে আপনিও চেনেন। আশপাশে আমাদের সবার পরিচিত গণ্ডিতেও আছেন মানবকল্যাণ, ক্রীড়াক্ষেত্র, সাংবাদিকতা ও ব্যবসায় উদ্যোগে অসামান্য অবদান রাখা নারীরা। তাঁদের কথাই লিখে জানাতে হবে আমাদের। কারণ, প্রকৃত কীর্তিমতীরা নিজেদের কীর্তি নিয়েই ব্যস্ত থাকতে ভালোবাসেন।

তাঁদের কীর্তির কথা জানানোর দায়িত্ব তাঁর আশপাশের মানুষেরই। আপনার-আমার এই ছোট্ট উদ্যোগেই দেশজুড়ে ছড়িয়ে পড়বে তাঁদের প্রেরণাদায়ী কীর্তির গল্প। একই সঙ্গে ছড়িয়ে পড়বে আপনার অঞ্চলের সুনামও। পাশাপাশি আপনার জানানো কীর্তিমতীদের গল্প সমগ্র জাতির জন্য হয়ে উঠবে প্রেরণার এক দারুণ উৎস। ফলে কীর্তিমতীদের কর্মের প্রেরণায় দেশজুড়ে জন্ম নেবে আরও অসংখ্য কীর্তিময় প্রয়াস।

যেসব ক্ষেত্রে মনোনয়ন আহ্বান করা হচ্ছে

কীর্তিমতী সাংবাদিক: নির্ভীক, বস্তুনিষ্ঠ সাংবাদিক, যিনি সমাজের অনিয়ম, সমস্যা, দুর্নীতি বা অসংগতির বিরুদ্ধে অনুসন্ধানী প্রতিবেদন লিখেছেন বা লেখায় উঠে এসেছে অবহেলিত ও দরিদ্র জনগোষ্ঠীর জীবনসংগ্রাম বা সম্ভাবনার চিত্র; নেপথ্য ভূমিকা রেখেছেন শিক্ষা ও সংস্কৃতির উন্নয়নে।

কীর্তিমতী উদ্যোক্তা: প্রতিষ্ঠিত উদ্যোক্তা, যাঁর একক ব্যবসায়িক উদ্যোগে নিজের পাশাপাশি আশপাশের মানুষের কর্মসংস্থান ও ক্ষমতায়নের সুযোগ তৈরি হয়েছে। এলাকার আর্থসামাজিক পটপরিবর্তনে যিনি বিশেষ অবদান রেখে চলেছেন।

কীর্তিমতী হিতৈষী: বরেণ্য ব্যক্তিত্ব, যিনি নিঃস্বার্থভাবে সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক পরিবর্তনের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন। অসহায়, বঞ্চিত বা দরিদ্র জনগোষ্ঠীর জন্য যাঁর ত্যাগ ও শ্রম সমাজে মহতী দৃষ্টান্ত তৈরি করেছে।

কীর্তিমতী ক্রীড়াবিদ: স্থানীয় পর্যায়ের পাশাপাশি জাতীয় কিংবা আন্তর্জাতিক পর্যায়ে ক্রীড়াবিদ হিসেবে স্বীকৃত ব্যক্তিত্ব, যেকোনো ক্রীড়ায় যিনি অসামান্য কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। যাঁর কীর্তি ও অর্জন ক্রীড়াজগৎ এবং এর বাইরের আরও অসংখ্য মানুষের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করে।

আপনার পরিচিত কীর্তিমতীদের মনোনয়নের জন্য ভিজিট করুন।

মনোনয়ন পাঠানোর শেষ দিন ১৫ জানুয়ারি ২০২৩।