ইউআইইউর সেন্টার ফর এনার্জি রিসার্চের পরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরী পুরস্কার গ্রহণ করছেন
ইউআইইউর সেন্টার ফর এনার্জি রিসার্চের পরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরী পুরস্কার গ্রহণ করছেন

সৌরভিত্তিক সেচব্যবস্থা উদ্ভাবন করায় আন্তর্জাতিক পুরস্কার পেল ইউআইইউ

সেন্সরভিত্তিক সৌর সেচব্যবস্থা উদ্ভাবন করায় আন্তর্জাতিক পুরস্কার পেয়েছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ইউআইইউ)। বিশ্ববিদ্যালয়টির সেন্টার ফর এনার্জি রিসার্চ উদ্ভাবিত ‘স্মার্ট সোলার ইরিগেশন সিস্টেম’ গবেষণা প্রকল্প ওই পুরস্কার পেয়েছে। ওয়ার্ল্ড সোসাইটি অব সাসটেইনেবল এনার্জি টেকনোলজিস ‘ইনোভেশন অ্যাওয়ার্ড ২০২২’ নামের এই পুরস্কার দিয়েছে।

ইউআইইউর সেন্টার ফর এনার্জি রিসার্চের পরিচালক শাহরিয়ার আহমেদ চৌধুরী ১৭ আগস্ট তুরস্কের ইস্তাম্বুলে এই অ্যাওয়ার্ড গ্রহণ করেন। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

স্মার্ট সোলার ইরিগেশন সিস্টেম হলো সৌরশক্তিভিত্তিক একটি স্মার্ট ও স্বয়ংক্রিয় সেচব্যবস্থা। এটি পানির অতিরিক্ত ব্যবহার কমায়, ডিজেল কিংবা বিদ্যুৎ সাশ্রয় করে। পাশাপাশি এটি সেচের জন্য মোট কার্বন নিঃসরণ কমায়।

শাহরিয়ার আহমেদ চৌধুরী গবেষণাকাজ ও উদ্ভাবনের জন্য অতীতে বেশ কয়েকটি জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন। উদ্ভাবন ও গবেষণাকাজের জন্য তিনি ২০১৬ ও ২০১৮ সালে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহে ইনোভেশন অ্যাওয়ার্ড এবং ২০২০ সালে বেসিস ন্যাশনাল আইসিটি অ্যাওয়ার্ড লাভ করেন।