আঞ্চলিক গণিত উৎসব ১৯, ২০

সিলেট-বরিশালে গণিত জয়ের আনন্দ

পতাকা উড়িয়ে বরিশাল আঞ্চলিক গণিত উৎসব উদ্বোধন। গতকাল বিএম স্কুল প্রাঙ্গণে। সাইয়ান
পতাকা উড়িয়ে বরিশাল আঞ্চলিক গণিত উৎসব উদ্বোধন। গতকাল বিএম স্কুল প্রাঙ্গণে।  সাইয়ান

এক শিক্ষার্থীর প্রশ্ন ছিল, ‘সংখ্যা কেন শেষ হয় না?’ শিক্ষকেরা প্রশ্নের উত্তর দিতেই আরেক শিক্ষার্থীর প্রশ্ন, ‘শূন্য দিয়ে শূন্যকে গুণ করলে ফলাফল শূন্য হয় কেন?’ গতকাল শনিবার সিলেট নগরের স্কলার্সহোমে অনুষ্ঠিত গণিত উৎসবে যোগ দিয়ে প্রশ্নোত্তর পর্বে এমন বুদ্ধিদীপ্ত প্রশ্ন করে শিক্ষার্থীরা। সিলেট বিভাগের চার জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় আট শ শিক্ষার্থী উৎসবে অংশ নেয়।

গতকাল বরিশালেও গণিত উৎসবের আসর বসে। এর মধ্য দিয়ে শেষ হলো ২০টি আঞ্চলিক উৎসব। আঞ্চলিকের বিজয়ী শিক্ষার্থীদের নিয়ে জাতীয় উৎসব হবে আগামী ১০ ও ১১ ফেব্রুয়ারি, ঢাকার সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে।

‘গণিত শেখো, স্বপ্ন দেখো’ স্লোগানে ডাচ্-বাংলা ব্যাংকের পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর ব্যবস্থাপনায় গণিত উৎসবের আয়োজন করে বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি।

সিলেট আঞ্চলিক গণিত উৎসবে হাত উঁচিয়ে মাদক, মুখস্থ ও মিথ্যাকে ‘না’ বলার শপথ শিক্ষার্থীদের। গতকাল সিলেটের স্কলার্সহোম ক্যাম্পাসে

সকাল নয়টায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে সিলেটে উৎসব শুরু হয়। জাতীয় পতাকা উত্তোলন করেন স্কলার্সহোম শাহি ঈদগাহ ক্যাম্পাসের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল (অব.) মুনীর আহমেদ কাদেরী। নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ইলিয়াস উদ্দীন বিশ্বাস বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা এবং ডাচ্-বাংলা ব্যাংক সিলেট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ নজমুল হক আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন।

পরে উদ্বোধকের বক্তব্যে মুনীর আহমেদ কাদেরী বলেন, এ উৎসব শিক্ষার্থীদের মধ্যে যে প্রাণচাঞ্চল্য জাগিয়ে তুলেছে, তা দেখে আমরা অভিভূত।

ইলিয়াস উদ্দীন বিশ্বাস বলেন, শিক্ষার্থীরা গণিত উৎসবের প্রাণ। এ উৎসবে সফল হতে না পারলেও হতাশ হওয়ার কিছু নেই। কারণ, এ উৎসব থেকে সবাই কিছু না কিছু শিখবে।

উদ্বোধনী পর্ব সঞ্চালনা করেন সিলেট বন্ধুসভার ফারহানা হক। উদ্বোধনের পর সকাল ১০টা থেকে শিক্ষার্থীরা সোয়া এক ঘণ্টার পরীক্ষায় অংশ নেয়।

প্রতিযোগিতামূলক পরীক্ষার পর বন্ধুসভার সদস্যদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে গান পরিবেশন করেন নাহিয়ান রহমান, ফারিয়া খানম ও আবদুল মোহাইমিন চৌধুরী। সাংস্কৃতিক অনুষ্ঠানের পর ছিল শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে প্রশ্নোত্তর পর্ব।

প্রশ্নের উত্তর দেন নর্থইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য ইলিয়াস উদ্দীন বিশ্বাস, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক হিমাদ্রী শেখর চক্রবর্তী, এমসি কলেজের গণিত বিভাগের সহযোগী অধ্যাপক মো. গিয়াস উদ্দিন ও প্রবীর রায়, স্কলার্সহোম শাহি ঈদগাহ ক্যাম্পাসের রসায়নবিদ্যা বিভাগের জ্যেষ্ঠ প্রভাষক নাসের আহমেদ। প্রশ্নোত্তর পর্ব সঞ্চালনা করেন গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর জাহিদ হোসাইন খান।

সিলেট উৎসবে ৬৫ জনকে বিজয়ী ঘোষণা করা হয়। উৎসবে প্রথম আলোর মাসিক সাময়িকী বিজ্ঞানচিন্তা, কিশোর আলোসহ বিভিন্ন বইয়ের স্টল বসে। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলো সিলেটের নিজস্ব প্রতিবেদক সুমনকুমার দাশ ও সিলেট বন্ধুসভার সভাপতি অন্তর শ্যাম।

গণিত উৎসবে বরিশাল

সকাল থেকেই কিছুটা বসন্তের আবহ ছিল বরিশালে। বরিশাল নগরের ঐতিহ্যবাহী ব্রজমোহন মাধ্যমিক বিদ্যালয়ের (বিএম স্কুল) বিশাল মাঠ তখন শিক্ষার্থীদের পদচারণে মুখর। ঘড়ির কাঁটায় সাড়ে ৯টা বাজতেই জাতীয় সংগীত শুরু। এভাবেই বরিশালে গতকাল সকালে উদ্বোধন করা হয় গণিত উৎসবের বরিশাল পর্ব।

উৎসবে জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ বিএম স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো. হারুন অর রশিদ। বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় পরিচালক অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড কমিটির পতাকা উত্তোলন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলমগীর হোসেন।

উৎসবে বরিশাল বিভাগের ছয় জেলা বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, ভোলা, ঝালকাঠি ও বরগুনার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বরিশাল বন্ধুসভার নাঈম ইসলাম।

মোয়াজ্জেম হোসেন বলেন, ‘গণিতে ভালো করতে পারলে তোমরা সবকিছুতেই, বিশেষ করে বিজ্ঞানের প্রতিটি শাখায় ভালো করতে পারবে।’

অনুষ্ঠানে ডাচ্-বাংলা ব্যাংক বরিশাল শাখার উপব্যবস্থাপক হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর সকাল সাড়ে ১০টায় শুরু হয় পরীক্ষা। পরীক্ষার পর ছিল প্রশ্নোত্তর পর্ব। এ পর্ব পরিচালনা করেন গণিত অলিম্পিয়াডের একাডেমিক কাউন্সিলর দিপু সরকার। শিক্ষার্থীদের নানা প্রশ্নের উত্তর দেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক রাহাত হোসাইন, একই বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক মো. শাখাওয়াত হোসেন, সহযোগী অধ্যাপক হেনা রানী বিশ্বাস, সরকারি ব্রজমোহন কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক গৌতম কুমার সাহা, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও গণিত বিভাগের শিক্ষক ইলিয়াস হোসেন।