
এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চাকরির বাজারে ডিজিটাল দক্ষতার চাহিদা বেড়েছে। বাংলাদেশসহ এ অঞ্চলের চারটি দেশের ৭৫ শতাংশ নিয়োগকর্তা মনে করছেন, গত পাঁচ বছরে নতুন কর্মী নিয়োগের ক্ষেত্রে তাঁরা সংশ্লিষ্ট কর্মীর ডিজিটাল দক্ষতাকে প্রাধান্য দিয়েছেন। নতুন এক জরিপ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। যৌথভাবে জরিপটি পরিচালনা করেছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) ও সামাজিক যোগাযোগমাধ্যম।
‘ডিজিটাল জবস অ্যান্ড ডিজিটাল স্কিলস: এ শিফটিং ল্যান্ডস্কেপ ইন এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, চাকরি করার ক্ষেত্রে এখন যেকোনো কর্মীর ন্যূনতম ডিজিটাল জ্ঞান ও দক্ষতা থাকা জরুরি। তবে কেউ যদি ডিজিটাল ক্ষেত্রে আরও বেশি দক্ষ হন, তবে চাকরির বাজারে তিনি বাড়তি সুবিধা পাবেন। দ্রুত উন্নতি করতে পারবেন। প্রতিবেদনটি এডিবির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
গবেষণায় দেখা গেছে, করোনা মহামারির সময় প্রতিষ্ঠানগুলো ডিজিটাল দক্ষতাসম্পন্ন কর্মী নিয়োগে বেশি মনোযোগ দিয়েছে। করোনা–পরবর্তী সময়ে বেশির ভাগ প্রতিষ্ঠান ‘ডিজিটাল কর্মক্ষেত্রে’ পরিণত হচ্ছে। বিভিন্ন শিল্প খাত, চাকরি ও চাকরিপ্রার্থীদের প্রয়োজনীয় দক্ষতার পটভূমিকা কীভাবে রূপান্তরিত হচ্ছে, সেই বিষয়েও এই প্রতিবেদনে আলোকপাত করা হয়েছে।
গত পাঁচ বছরে বাংলাদেশের নিয়োগকর্তারা প্রতি ১০ জন চাকরিপ্রার্থীর মধ্যে এমন ৫ জনকে নিয়োগ দিয়েছেন, যাঁদের ডিজিটাল জ্ঞান ও দক্ষতা উচ্চপর্যায়ের। ভারত ও ইন্দোনেশিয়ায় এই সংখ্যা ১০ জনে ৪ জন। আর ফিলিপাইনে ২ জন।
প্রতিবেদনে বাংলাদেশের বিষয়ে বলা হয়েছে, এখানকার নিয়োগকর্তারা গত পাঁচ বছরে প্রতি ১০ জন চাকরিপ্রার্থীর মধ্যে এমন ৯ জনকে নিয়োগ দিয়েছেন, যাঁদের অন্তত প্রাথমিক পর্যায়ের ডিজিটাল জ্ঞান ও দক্ষতা রয়েছে। ভারত ও ইন্দোনেশিয়ায় এই সংখ্যা ১০ জনে ৮ জন। আর ফিলিপাইনে ৬ জন।
অন্যদিকে গত পাঁচ বছরে বাংলাদেশের নিয়োগকর্তারা প্রতি ১০ জন চাকরিপ্রার্থীর মধ্যে এমন ৫ জনকে নিয়োগ দিয়েছেন, যাঁদের ডিজিটাল জ্ঞান ও দক্ষতা উচ্চপর্যায়ের। ভারত ও ইন্দোনেশিয়ায় এই সংখ্যা ১০ জনে ৪ জন। আর ফিলিপাইনে ২ জন।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ডিজিটাল অর্থনীতির আকার বাড়ছে। ২০২৫ সাল নাগাদ এখানকার ই-কমার্সের আকার দাঁড়াতে পারে ২ লাখ কোটি ডলারে। এ জন্য এই অঞ্চলের চাকরির বাজারে ডিজিটাল জ্ঞান ও দক্ষতাসম্পন্ন কর্মীর চাহিদাও দ্রুত বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
ডিজিটাল জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আমাদের এটাও নিশ্চিত করতে হবে যে প্রান্তিক পর্যায়ের মানুষ যথাযথ ডিজিটাল জ্ঞান অর্জন করতে পারছেন। এ ক্ষেত্রে তাঁরা বঞ্চিত হচ্ছেন না—ব্রুনো কারাসকো, এডিবির টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনসংক্রান্ত বিভাগের মহাপরিচালক
এই বিষয়ে এডিবির টেকসই উন্নয়ন ও জলবায়ু পরিবর্তনসংক্রান্ত বিভাগের মহাপরিচালক ব্রুনো কারাসকো বলেন, ‘ডিজিটাল জ্ঞান ও দক্ষতা বৃদ্ধির পাশাপাশি আমাদের এটাও নিশ্চিত করতে হবে যে প্রান্তিক পর্যায়ের মানুষ যথাযথ ডিজিটাল জ্ঞান অর্জন করতে পারছেন। এ ক্ষেত্রে তাঁরা বঞ্চিত হচ্ছেন না।’
বাংলাদেশ, ভারত, ইন্দোনেশিয়া ও ফিলিপাইনের নিয়োগকর্তারা মনে করছেন, চাকরি পাওয়ার জন্য যেকোনো প্রার্থীর ইন্টারনেট ব্যবহারের মৌলিক জ্ঞান ও ন্যূনতম ডিজিটাল জ্ঞান ও দক্ষতা থাকতেই হবে। এর পাশাপাশি যদি কোনো কর্মীর কোডিং কিংবা প্রোগ্রামিংয়ের মতো দক্ষতা থাকে, তবে তাঁর গ্রহণযোগ্যতা বেশি হবে। চাকরির বাজারে এগিয়ে যাবেন তিনি।
লিংকডইনের ভাইস প্রেসিডেন্ট ডেভ উডওয়ার্ড বলেন, কোভিড-১৯ মহামারি চাকরির বাজারে বড় ধরনের পরিবর্তন এনেছে। অনেক চাকরি ডিজিটালে রূপান্তর হয়েছে। তাই দেশে দেশে ডিজিটাল জ্ঞান ও দক্ষতাসম্পন্ন কর্মীদের চাহিদা বেড়েছে। ভবিষ্যতেও এই প্রবণতা অব্যাহত থাকবে।
চাকরির বাজারের এই পরিবর্তন উপলব্ধি করে ইতিমধ্যে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নশীল দেশগুলো তাদের কারিগরি প্রশিক্ষণকেন্দ্রগুলো ও দক্ষতা উন্নয়ন কর্মসূচির মানোন্নয়ন ঘটিয়েছে। উদ্যোগ নিয়েছে এডিবিও। প্রতিষ্ঠানটি জানিয়েছে, শিক্ষার বিস্তারে তাদের এখনকার ৫ শতাংশ বিনিয়োগ আগামী ২০২৪ সাল নাগাদ ১০ শতাংশে উন্নীত করা হবে।