চট্টগ্রাম-১০ আসনে উপনির্বাচন

নারী ভোটারদের উপস্থিতি কম, খরচ নিয়ে প্রশ্ন

কেন্দ্রের ভেতরে ভোটার কম থাকলেও বাইরে ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের ভিড় দেখা যায়। গত রোববার বেলা ১১টায় চট্টগ্রাম নগরের এয়াকুব আলী বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে
 ছবি: জুয়েল শীল

চট্টগ্রাম-১০ (পাহাড়তলী-ডবলমুরিং-হালিশহর-পাঁচলাইশ) আসনের উপনির্বাচনে দক্ষিণ কাট্টলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট পড়েছে ৫৫টি, যা কেন্দ্রের মোট ভোটারের ১ দশমিক ৯৬ শতাংশ।

সেখানকার আরেকটি কেন্দ্রে ভোট পড়েছে ৬৭টি। এমন ‘ডাবল ডিজিটের’ ভোট পড়েছে আরও দুটি কেন্দ্রে।

৩০ জুলাই অনুষ্ঠিত এই উপনির্বাচনে ১৫টি কেন্দ্রে ৫ শতাংশ বা তারও কম ভোট পড়েছে। আর ১৬টি কেন্দ্রে পড়েছে ২০ শতাংশ বা তার বেশি ভোট। পুরুষ কেন্দ্রের তুলনায় নারী কেন্দ্রে ভোট পড়েছে অন্তত ৪ শতাংশ কম। কেন্দ্রভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে এসব চিত্র পাওয়া গেছে।

এই উপনির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট গ্রহণ হয়েছে। কেন্দ্র ছিল ১৫৬টি, ভোট পড়েছে ৫৭ হাজার ১৫৩। ভোটের হার ১১ দশমিক ৭ শতাংশ। মোট ভোটার ছিলেন ৪ লাখ ৮৮ হাজার ৬৩৩ জন।

‘নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি। ভোটার উপস্থিতি খুবই কম ছিল। কিন্তু দিনশেষে এত ভোট কীভাবে পড়ল, তা বিস্ময়কর’
— মো. সামসুল আলম, জাতীয় পার্টির প্রার্থী

সর্বোচ্চ ৫২ হাজার ৯২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের মো. মহিউদ্দিন বাচ্চু। নিয়ম অনুযায়ী, তিনি ছাড়া প্রতিদ্বন্দ্বিতাকারী বাকি পাঁচ প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে।

সার্বিকভাবে এই উপনির্বাচনে প্রদত্ত ভোটের হার ১১ দশমিক ৭০ শতাংশ হওয়ায় চট্টগ্রামের নির্বাচনী কর্মকর্তাদের মধ্যে একধরনের ‘সন্তুষ্টি’ কাজ করছে। কারণ, ১৭ জুলাই অনুষ্ঠিত ঢাকা-১৭ আসনের ভোটের হারকে টপকানো গেছে। ঢাকার ওই আসনে ভোট পড়েছিল ১১ দশমিক ৫১ শতাংশ।

তবে এত কম ভোটার উপস্থিতির নির্বাচনের পেছনে রাষ্ট্রের কোটি কোটি টাকা ব্যয় করাকে একধরনের ‘অপচয়’ মনে করছেন সংশ্লিষ্ট অনেকেই।

নারী ভোটারের উপস্থিতি কম

কেন্দ্রভিত্তিক ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, চট্টগ্রাম-১০ আসনের এবারের উপনির্বাচনে পুরুষের তুলনায় নারীরা ভোটকেন্দ্রে কম এসেছেন। ১৫৬টি কেন্দ্রের মধ্যে ৬০টি ছিল নারীদের। ৬১টি কেন্দ্র পুরুষ ভোটারদের। বাকি ৩৫টি কেন্দ্রে নারী-পুরুষ উভয়ে ভোট দিয়েছেন।

নারী কেন্দ্রগুলোয় ভোট পড়েছে ৮ দশমিক ৮২ শতাংশ। যে ১৫টি কেন্দ্রে ৫ শতাংশ বা তার কম ভোট পড়েছে, তার মধ্যে ১৪টিই নারীদের। নারী কেন্দ্রের মধ্যে মুহুরীপাড়া গোল্ডেন লাইফ স্কুল ও কলেজে সর্বোচ্চ ২২ শতাংশ ভোট পড়েছে। এ ছাড়া নারী ভোটারদের আরও ৩টি কেন্দ্রে ভোটের হার ২০ শতাংশ ছাড়িয়েছে।

জাতীয় নির্বাচনের আগে আগে উপনির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ কম থাকা, নারী ভোটারের কম আসাসহ নানা কারণে ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে
—মুহাম্মদ হাসানুজ্জামান, রিটার্নিং কর্মকর্তা

এবারের উপনির্বাচনে দুটি কেন্দ্রে ২ শতাংশের কম ভোট পড়েছে। কেন্দ্র দুটি হলো—দক্ষিণ কাট্টলী সরকারি প্রাথমিক বিদ্যালয় (পুরাতন ভবন) এবং সিলভার বেলস কিন্ডারগার্টেন অ্যান্ড গালর্স হাইস্কুল, দুটিই নারীদের কেন্দ্র।

নৌকার প্রার্থীর কেন্দ্রে ভোট বেশি

চট্টগ্রাম-১০ আসনের এবারের উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী মহিউদ্দিন ভোট দিয়েছেন নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। সব কটি কেন্দ্রের মধ্যে এখানে দ্বিতীয় সর্বোচ্চ ২৬ দশমিক ৪৭ শতাংশ ভোট পড়েছে।

তবে নির্বাচনের দিন সরেজমিন দেখা গিয়েছিল, কেন্দ্রটিতে ভোটারদের ভিড় খুব একটা ছিল না, ছিল না কোনো সারি। কেন্দ্রের বাইরে আওয়ামী লীগের নেতা-কর্মীরা ছিলেন।

এই কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা নাজমুল হুদা প্রথম আলোকে বলেন, প্রার্থীর নিজের কেন্দ্র হওয়ায় এখানে ভোট প্রদানের হার তুলনামূলক ভালো ছিল।

অন্যদিকে এবারের উপনির্বাচনে অংশ নিয়েছিলেন জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম। তিনি পেয়েছেন ১ হাজার ৫৭২ ভোট। তিনি ভোটদেন মুহুরীপাড়া আল জাবের ইনস্টিটিউট কেন্দ্রে। এখানে মোট ভোট পড়ে ৬২১টি, শতকরা হার ১৬ শতাংশ। এখানে লাঙ্গল পেয়েছে ৭০ ভোট, নৌকা পেয়েছে ৫৪৪ ভোট।

৪ কোটি টাকার বেশি খরচ করে ১১ দশমিক ৭ শতাংশ ভোট পাওয়া যেন পর্বতের মুসিক প্রসব
—আখতার কবীর চৌধুরী, সম্পাদক, সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রাম শাখা

পরাজিত প্রার্থীর অভিযোগ

চট্টগ্রাম-১০ আসনের এবারের উপনির্বাচনে ১১ দশমিক ৭ শতাংশ ভোট পড়ায় বিস্ময় প্রকাশ করেছেন জাতীয় পার্টির প্রার্থী মো. সামসুল আলম। তিনি প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেছি। ভোটার উপস্থিতি খুবই কম ছিল। কিন্তু দিনশেষে এত ভোট কীভাবে পড়ল, তা বিস্ময়কর। ভোট গ্রহণকারী কর্মকর্তাদের মাধ্যমে ভোট বেড়েছে।’

এ অভিযোগের বিষয়ে জানতে চাইলে রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান বলেন, ‘প্রদত্ত ভোটের হার ঢাকা-১৭ আসনের চেয়ে সামান্য বেশি ছিল। জাতীয় নির্বাচনের আগে আগে উপনির্বাচন নিয়ে ভোটারদের আগ্রহ কম থাকা, নারী ভোটারের কম আসাসহ নানা কারণে ভোটার উপস্থিতি তুলনামূলক কম ছিল। সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু (ফ্রি অ্যান্ড ফেয়ার) নির্বাচন হয়েছে।’

নিউ টাইগারপাস সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের বাইরে ভোটারদের উপস্থিতি চোখে পড়েনি। গত রোববার, সকাল ৯টায়

বিপুল খরচ নিয়ে প্রশ্ন

নির্বাচনসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, একটি নির্বাচনে প্রধানত দুটি খাতে বড় ধরনের খরচ হয়। এর একটি ভোট গ্রহণ, সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রশিক্ষণ ও সরঞ্জাম, কর্মকর্তাদের পরিবহন; অন্যটি আইনশৃঙ্খলা রক্ষায়। প্রথমটি নির্বাচন কমিশন (ইসি) নিজেই খরচ করে। পরেরটির জন্য ইসি পুলিশসহ অন্যান্য বাহিনীকে বরাদ্দের টাকা দিয়ে থাকে।

জানতে চাইলে নির্বাচন কমিশনের বাজেট ও অর্থ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ মাসুদুল হক প্রথম আলোকে বলেন, চট্টগ্রাম-১০ আসনের এবারের উপনির্বাচনে সব খরচের হিসাব এখনো পাওয়া যায়নি। কোন খাতে কত খরচ হয়েছে, সেই হিসাব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রিটার্নিং কর্মকর্তা দেবেন। তবে আগেই কিছু টাকা দেওয়া হয়েছে। পূর্ণাঙ্গ হিসাব পাওয়ার পর বাকি টাকা পরিশোধ করা হবে।

তবে প্রাথমিক হিসাবে জানা যায়, ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ বাবদ ৪০ লাখ ৬৫ হাজার টাকা, একই কর্মকর্তাদের ভোটের দিনের সম্মানী বাবদ ১ কোটি ৬৬ লাখ টাকা এবং মালামাল পরিবহনে ৪ লাখ ৬৮ হাজার টাকা খরচ হয়েছে। এ তিন খাতে মোট খরচ প্রায় ২ কোটি ১১ লাখ টাকা। আইনশৃঙ্খলা রক্ষায় বরাদ্দ ছিল ১ কোটি ৩০ লাখ টাকা। এ ছাড়া প্রতিটি কেন্দ্র সিসিটিভি ক্যামেরা বসাতে ইসির কিছু খরচ হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, চট্টগ্রাম-১০ আসনের এবারের উপনির্বাচনে সব মিলিয়ে ৪ কোটি টাকার বেশি খরচ হয়েছে।

‘নিয়ম রক্ষার’ এই নির্বাচনে এত বিপুল খরচ করাকে ‘একধরনের অপচয়’ বলে মনে করছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রাম শাখার সম্পাদক আখতার কবীর চৌধুরী। তিনি বলেন, ৪ কোটি টাকার বেশি খরচ করে ১১ দশমিক ৭ শতাংশ ভোট পাওয়া যেন পর্বতের মুসিক প্রসব। ভোটের প্রতি ভোটারদের চরম অনাস্থা, অবিশ্বাস, অনীহা, ভীতি, আতঙ্ক এবং নির্বাচন কমিশনসহ প্রশাসনের জবাবদিহির অনুপস্থিতি এই পরিস্থিতির কারণ।