
১০ ও ১১ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সাউথ এশিয়া নিউজ মিডিয়া সামিট ২০২৩’। এর আয়োজক সংবাদমাধ্যমের অন্যতম বড় বৈশ্বিক সংগঠন ইন্টারন্যাশনাল নিউজ মিডিয়া অ্যাসোসিয়েশন (ইনমা)।
দক্ষিণ এশীয় সংবাদমাধ্যমগুলো কীভাবে বিভিন্ন রূপান্তরের মধ্য দিয়ে সংবাদ প্রকাশের ভবিষ্যৎ গঠনের জন্য অত্যাধুনিক কৌশল গ্রহণ করছে—এটাই এবারের এই শীর্ষ সম্মেলনের মূল আলোচনার বিষয়।
নিউজ মিডিয়া কোম্পানিতে জেনারেটিভ এআইয়ের ব্যবহার, সাবস্ক্রিপশন পদ্ধতি ও পরবর্তী সময়ে করণীয়, নিউজ ডেলিভারি ফরম্যাটের ভবিষ্যৎ, প্রযুক্তি ও ডেটা সক্ষমতার বিকাশ, ডিজিটাল বিজ্ঞাপন অপ্টিমাইজেশন, নতুন উদ্ভাবনের মাধ্যমে ছাপা পত্রিকাকে আকর্ষণীয় করা ইত্যাদি বিষয়ে বিশেষজ্ঞরা আলোচনা করবেন এবং নিবন্ধ উপস্থাপন করবেন।
অনলাইনে দুই দিনব্যাপী এই শীর্ষ সম্মেলন চলবে বাংলাদেশ সময় প্রতিদিন বিকেল সাড়ে চারটা থেকে রাত পৌনে আটটা পর্যন্ত।
শীর্ষ সম্মেলনের বিভিন্ন সেশনে বক্তা হিসেবে থাকবেন ভারতের দৈনিক ভাস্করের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পবন আগরওয়াল, কুকু-এফএমের সহপ্রতিষ্ঠাতা ও সিইও লাল চাঁদ বিশু, টিভিনাইন নেটওয়ার্কের চিফ গ্রোথ অফিসার রক্তিম দাস, বিটরুট নিউজের প্রতিষ্ঠাতা ও সম্পাদক ফাইয়ি ডি’সুজা, টাইমস ইন্টারনেটের ভাইস চেয়ারম্যান সত্যন গজওয়ানী, জাগরণ নিউজ মিডিয়ার সিইও ভরত গুপ্ত, দ্য কুইন্টের সহপ্রতিষ্ঠাতা ও সিইও রিতু কাপুর, রিলায়েন্স জিওর চিফ ডেটা সায়েন্টিস্ট ড. শৈলেশ কুমার, এমএক্সএমের এডিটর–ইন–চিফ ও সিইও প্রদ্যুমান মহেশ্বরী, এবিপি গ্রুপের সিইও ধ্রুব মুখার্জি, দ্য হিন্দুর সিইও এল ভি নবনীথ, পতঞ্জলি আয়ুর্বেদ লিমিটেডের সিওও (মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন) অনিতা নায়ার, ইন্ডিয়া টুডে গ্রুপের উপদেষ্টা রোহিত সরন, এইচটি মিডিয়া লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও প্রবীন সোমেশ্বর, পাকিস্তানের জং মিডিয়া গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সারমাদ আলী, যুক্তরাজ্যের দ্য টেক হুইস্পারার লিমিটিডের প্রতিষ্ঠাতা জসপ্রীত বিন্দ্রা, যুক্তরাষ্ট্রের নিউজ করপোরেশনের সাবেক গ্লোবাল হেড অব ট্রান্সফরমেশন ডেমিয়ান ইলস, যুক্তরাষ্ট্রে ইনমার এক্সিকিউটিভ ডিরেক্টর ও সিইও আর্ল জে উইলকিনসন, নেপালের কান্তিপুর মিডিয়া গ্রুপের সিইও মহেশ স্বর এবং বাংলাদেশের দৈনিক প্রথম আলোর চিফ ডিজিটাল বিজনেস অফিসার এ বি এম জাবেদ সুলতান।
এই শীর্ষ সম্মেলনে মডারেটর হিসেবে থাকবেন লেখক ও এক্স (সাবেক টুইটার) ইন্ডিয়ার সাবেক কনটেন্ট পার্টনার অমৃতা ত্রিপাঠী।
সামিটে অংশগ্রহণে আগ্রহীরা এই লিংকে http://iz3.me/HLDC7zhT60Q1 বিনা মূল্যে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশনের শেষ সময় ৪ আগস্ট।