
জুলাই গণ–অভ্যুত্থানের সময়কার রাজধানীর ধানমন্ডি থানার একটি হত্যাচেষ্টা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমিনুল ইসলাম জুনায়েদের আদালত আসামির উপস্থিতিতে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ শামসুদ্দোহা সুমন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আদালত সূত্র জানায়, জুলাই গণ–আন্দোলনের সময় শিক্ষার্থী মোদাচ্ছির রহমানকে হত্যাচেষ্টার অভিযোগে তাঁর বাবা আবদুল হান্নান সরকার ২০২৪ সালের ২২ আগস্ট ধানমন্ডি থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে পিবিআই কর্মকর্তা ইয়াসিন আলী চলতি বছরের ৯ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে সালমান এফ রহমানের নাম ৪ নম্বরে আছে। তদন্তে ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় আদালত ৫ জুলাই সালমান এফ রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আসামি কারাগারে থাকায় পরে ২২ জুলাই সালমান এফ রহমানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) মাহফুজুল হক। আদালত আজ শুনানির দিন ধার্য করে আদেশ দেন।
এর ধারাবাহিকতায় আজ দুপুরে সালমান এফ রহমানকে পুলিশের কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে হাজির করা হয়। এ সময় তাঁকে হাতকড়া, হেলমেট, বুকে বুলেটপ্রুফ জ্যাকেট পরানো হয়েছিল। আদালতে উঠিয়ে কাঠগড়ায় তাঁর হেলমেট ও হাতকড়া খুলে দেয় পুলিশ। পরে শুনানি শেষে আদালত তাঁকে এই মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দেন।
ছাত্র–জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পতনের পর ২০২৪ সালের ১৩ আগস্ট সদরঘাট থেকে গ্রেপ্তার হন সালমান এফ রহমান। এরপর বিভিন্ন মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কারাগারে আছেন।