স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বহিষ্কৃত জনসংযোগ কর্মকর্তা শরীফ মাহমুদের নামে থাকা দুটি নির্মাণাধীন ফ্ল্যাট ও ফ্ল্যাটের জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।
দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য জানান।
মিরপুরের সেনপাড়ার শরীফ মাহমুদের নির্মাণাধীন দুটি ফ্ল্যাটের মূল্য দেখানো হয়েছে ৬০ লাখ টাকা। আর সেসব ফ্ল্যাটের জমির দাম ধরা হয়েছে ১৫ লাখ ৭৯ হাজার ৪৫৮ টাকা।
দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ এসব সম্পদ জব্দ চেয়ে আবেদন করেন। আবেদনে বলা হয়, শরীফ মাহমুদসহ অন্য সদস্যরা মিলে ঢাকার সেনপাড়া পর্বতা মৌজায় একটি ১০ তলা ভবন নির্মাণ করছেন। ওই ভবনের দুটি নির্মাণাধীন ফ্ল্যাট ও ফ্ল্যাটের জমি হস্তান্তর বা স্থানান্তর করার চেষ্টা করা হচ্ছে।
মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই সম্পদ স্থানান্তর বা অন্য কোনো প্রক্রিয়ায় হস্তান্তর করতে না পারেন, সে জন্য এসব সম্পদ জব্দ করা প্রয়োজন।