চবি উপাচার্যের দপ্তরে ছাত্রলীগের ভাঙচুরের ঘটনায় তদন্ত কমিটি

পছন্দের প্রার্থীকে শিক্ষক হিসেবে নিয়োগ না দেওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শিরীণ আখতারের দপ্তরে ভাঙচুর করেন ছাত্রলীগের নেতা–কর্মীরা
ছবি: প্রথম আলো

ছাত্রলীগের সাবেক নেতাকে শিক্ষক পদে নিয়োগ না দেওয়া নিয়ে উপাচার্যের দপ্তর ভাঙচুরের ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিন সদস্যের এ কমিটির প্রধান হচ্ছেন সিন্ডিকেট সদস্য মোহাম্মদ খাইরুল ইসলাম। আজ মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মাহবুব হারুন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ করা হয়, সোমবার উপাচার্যের দপ্তরে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ তদন্ত করে সুপারিশসহ প্রতিবেদন দেওয়ার জন্য উপাচার্য শিরীণ আখতার এই কমিটি গঠন করেছেন। দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন দেওয়ার জন্য কমিটিকে অনুরোধ করা হয়েছে। কমিটির বাকি সদস্যরা হলেন ছাত্রদের আবাসিক আমানত হলের প্রাধ্যক্ষ নির্মল কুমার সাহা ও সহকারী প্রক্টর হাসান মোহাম্মদ রোমান।

জানতে চাইলে সিন্ডিকেট সদস্য মোহাম্মদ খাইরুল ইসলাম প্রথম আলোকে বলেন, তদন্ত কমিটির চিঠি এখনো তাঁর হাতে পৌঁছায়নি। চিঠি পেলে বাকি সদস্যদের সঙ্গে আলোচনা করে দ্রুত সময়ের মধ্যে প্রতিবেদন জমা দেবেন।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রাইয়ান আহমেদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস বিভাগে শিক্ষক পদে প্রার্থী ছিলেন। গতকাল বিশ্ববিদ্যালয়ের ৫৪১তম সিন্ডিকেট সভা ছিল। সভায় রাইয়ান আহমেদকে নিয়োগ না দেওয়ায় উপাচার্যের দপ্তরে ভাঙচুর চালান বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের ‘একাকার’ উপপক্ষের নেতা–কর্মীরা। চাবি ছিনতাই করে তিন ঘণ্টা শাটল ট্রেনও অবরুদ্ধ করে রাখেন তাঁরা। এতে ভোগান্তিতে পড়েন শিক্ষার্থীরা।

নিয়োগ নিয়ে আবার হট্টগোল

এদিকে ছাত্রলীগের ওই নেতার নিয়োগ না দেওয়ায় আজ বেলা তিনটার দিকে রেজিস্ট্রারের কার্যালয়ে আবার হট্টগোল করেছেন ছাত্রলীগের একাকার উপপক্ষের নেতা–কর্মীরা।  

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বেলা তিনটার দিকে একাকার উপপক্ষের ১০–১৫ জন নেতা–কর্মী রেজিস্ট্রারের কার্যালয়ে যান। এ সময় মেরিন সায়েন্সেস বিভাগের নিয়োগপত্রে স্বাক্ষর না করার জন্য দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার মাহবুব হারুন চৌধুরীকে বলেন তাঁরা। কাউকে নিয়োগ দেওয়া যাবে না জানিয়ে রেজিস্ট্রারের কার্যালয়ে হইচই করেন। পরে পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থল ত্যাগ করেন তাঁরা।

এ বিষয়ে জানতে চেয়ে রেজিস্ট্রার মাহবুব হারুন চৌধুরীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি। তবে হট্টগোলের কথা স্বীকার করেছেন একাকার উপপক্ষের নেতা এবং সহসভাপতি মঈনুল ইসলাম। তিনি প্রথম আলোকে বলেন, জামায়াতে ইসলামীর সমর্থক ও সরকারবিরোধী কাউকে যেন নিয়োগ দেওয়া না হয়, সে জন্য তাঁদের নেতা–কর্মীরা রেজিস্ট্রারের কার্যালয়ে গিয়েছিলেন। একই সঙ্গে রাইয়ান আহমেদকে নিয়োগ দেওয়ার জন্য কর্তৃপক্ষকে আবার জানিয়েছেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের রাজনীতি দুটি পক্ষে বিভক্ত। একটি পক্ষ শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর অনুসারী এবং আরেকটি পক্ষ সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত। এ দুটি পক্ষ আবার ১১টি উপপক্ষে বিভক্ত। এর মধ্যে মহিবুল হাসানের দুটি ও নয়টি নাছির উদ্দীনের অনুসারী। একাকার উপপক্ষ নিজেদের আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচয় দেয়।