একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে

শাহরিয়ার কবিরকে হুইলচেয়ার ব্যবহারের অনুমতি ট্রাইব্যুনালের

মানবতাবিরোধী অপরাধের মামলার আসামি একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরকে হুইলচেয়ার ব্যবহার করার অনুমতি দিয়েছেন আদালত। আজ বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এ আদেশ দেন।

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলার একজন আসামি শাহরিয়ার কবির। আজকে এ মামলার শুনানি উপলক্ষে তাঁকে ট্রাইব্যুনালে আনা হয়। দেখা যায়, শাহরিয়ার কবিরের কোমরে বেল্ট। হাতে লাঠি। পুলিশ সদস্যদের সহযোগিতায় ধীরে ধীরে ট্রাইব্যুনালের হাজতখানা থেকে এজলাসের কাঠগড়ায় যাওয়া–আসা করেন তিনি।

আজকে শুনানিতে ট্রাইব্যুনালকে শাহরিয়ার কবিরের আইনজীবী বলেন, তাঁর মক্কেলের পা ভাঙা। পায়ে রড লাগানো আছে। তিনি রীতিমতো পঙ্গু টাইপের মানুষ। তাঁর জন্য চলাফেরা করা খুবই অসুবিধার। জেলখানা থেকে ট্রাইব্যুনালে আনা এবং অন্যান্য সময় চলাফেরার সময় হুইলচেয়ার প্রয়োজন। তাঁরা প্রয়োজনে হুইলচেয়ার কিনে দিতে রাজি আছেন।

প্রসিকিউশনের পক্ষ থেকে এই আবেদনের বিরোধিতা করা হয়নি। ট্রাইব্যুনাল বলেন, ‘হুইলচেয়ার দিয়ে চলাফেরা করবে। নিজেরা কিনবে। তাতে আপত্তির কিছু নেই।’

শাপলা চত্বরের এ মামলায় মোট ৪১ জন আসামি। এর মধ্যে শাহরিয়ার কবিরসহ ১১ জন গ্রেপ্তার আছেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ আহমেদসহ ৩০ আসামি পলাতক। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী নিয়োগ দেওয়ার জন্য আজ আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। আগামী ৭ অক্টোবর এ মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি হবে।