শিশু ক্যানসার রোগী বাড়ছে প্রতিবছর

প্রতিবছর শিশু ক্যানসার রোগীর সংখ্যা বাড়ছে। বিশ্বে প্রতিবছর প্রায় চার লাখ শিশু ক্যানসারে আক্রান্ত হয়। শিশুরা বেশি আক্রান্ত হচ্ছে ব্লাড ক্যানসার বা লিউকোমিয়ায়।
ক্যানসার দ্রুত শনাক্ত হলে ও উন্নত চিকিৎসা পেলে শতকরা ৭০ ভাগ রোগী ভালো হয়। উন্নত দেশগুলোতে ক্যানসার ভালো হওয়া রোগীর হার শতকরা প্রায় ৮৫ ভাগ।

আজ ১৫ ফেব্রুয়ারি (বুধবার) বিশ্ব শিশু ক্যানসার দিবস। দিবসটি উপলক্ষে সকালে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) মিলনায়তনে শিশু হেমাটোলজি বিভাগের উদ্যোগে ‘বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন ইন চিলড্রেন অ্যান্ড ক্যানসার ভ্যাকসিন ইন চাইল্ডহুড ম্যালিগন্যান্সি’ শীর্ষক বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়।

কিছু গুরুতর ক্যানসারের চিকিৎসায় বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন বা স্টেম সেল প্রতিস্থাপন একটি কার্যকর চিকিৎসা পদ্ধতি। উন্নত বিশ্বে এই পদ্ধতি ব্যবহারের ফলে সফলতার হার বেড়ে গেছে। বাংলাদেশেও এ পদ্ধতি ব্যবহার করে চিকিৎসা শুরু হয়েছে। কিন্তু তা পুরোদমে শুরু করা যায়নি।

সেমিনারে চিকিৎসকেরা এসব কথা জানিয়েছেন। সেমিনার ছাড়ও বিশ্ববিদ্যালয়টির ডি-ব্লকের সামনে সচেতনতামূলক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

আলোচকেরা বলেছেন, কিছু গুরুতর ক্যানসারের চিকিৎসায় বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন বা স্টেম সেল প্রতিস্থাপন একটি কার্যকর চিকিৎসাপদ্ধতি। উন্নত বিশ্বে এই পদ্ধতি ব্যবহারের ফলে সফলতার হার বেড়ে গেছে। বাংলাদেশেও এ পদ্ধতি ব্যবহার করে চিকিৎসা শুরু হয়েছে। কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে তা পুরোদমে শুরু করা যায়নি।

এসব আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শারফুদ্দিন আহমেদ। এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

অধ্যাপক শারফুদ্দিন আহমেদ বলেন, বিশ্বখ্যাত স্বাস্থ্য প্রতিষ্ঠানের সহায়তা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে ক্যানসার প্রতিরোধে ভ্যাকসিন তৈরির উদ্যোগ নেওয়া হবে। ক্যানসার প্রতিরোধ নিয়ে গবেষণার পাশাপাশি স্টেম সেল থেরাপি নিয়ে গবেষণা কার্যক্রম চালিয়ে যেতে হবে। বোনম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন বাস্তবায়ন করতে হবে।

উপাচার্য আরও বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু হেমাটোলজি অনকোলজি বিভাগের চিকিৎসকেরা ৩১ শয্যার ওয়ার্ডে ১০ হাজার শিশু রোগীকে সেবা দিয়েছেন, যা প্রশংসার দাবি রাখে।

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ডিন মোহাম্মদ হোসেন, প্রক্টর মো. হাবিবুর রহমান, হল প্রভোস্ট এস এম মোস্তফা জামান, শিশু বিভাগের চেয়ারম্যান মানিক কুমার তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন শিশু হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান এ টি এম আতিকুর রহমান।

সেমিনারে ‘বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্টেশন ইন চিলড্রেন’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের নারায়ণা হেলথ সিটি বেঙ্গালুরুর জ্যেষ্ঠ কনসালট্যান্ট ডা. সুনীল ভাট।

এ ছাড়া ‘ক্যানসার ভ্যাকসিন ইন চাইল্ডহুড ম্যালিগনেন্সি’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিশু হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগের চিকিৎসক রেনেসা ইসলাম।