
জলবায়ু ইস্যুতে ধনী দেশগুলোর অর্থবহ পদক্ষেপ গ্রহণে ব্যর্থতাকে ‘দুঃখজনক’ হিসেবে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, কার্বন নিঃসরণের জন্য দায়ী দেশগুলো এ ক্ষেত্রে জোরালো বক্তব্য দিলেও পরিস্থিতির গুরুত্বের সঙ্গে তাদের কার্যক্রম সংগতিপূর্ণ নয়।
নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের (ইউএনজিএ) এক ফাঁকে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, তারা (ধনী দেশগুলো) শুধু কথা বলে কিন্তু কাজ করে না। অথচ তারাই এই বিপর্যয়ের জন্য দায়ী।
শেখ হাসিনা আরও বলেন, ‘এটা ধনী ও উন্নত দেশগুলোর দায়িত্ব। এই ইস্যুতে তাদেরই এগিয়ে আসা উচিত। কিন্তু আমরা তাদের দিক থেকে সেই ধরনের কোনো সাড়া পাচ্ছি না। এটাই দুঃখজনক। আমি জানি, ধনী দেশগুলো আরও ধনী হতে চায়। তারা অন্যদের নিয়ে উদ্বিগ্ন নয়।’
এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে ঘন জনবসতিপূর্ণ বাংলাদেশ বিশ্বের সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ দেশ। এ ছাড়া পৃথিবীর উষ্ণায়নের জন্য দায়ী গ্রিনহাউস গ্যাস খুবই অল্প পরিমাণ নিঃসরণ করে বাংলাদেশ।
প্যারিস চুক্তি অনুযায়ী, জলবায়ু পরিবর্তনের কারণে প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় উন্নয়নশীল দেশগুলোকে সহায়তায় ২০২০ সাল নাগাদ বছরে ১০০ বিলিয়ন (১০ হাজার কোটি ডলার) চাওয়া হয়।
সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই, তহবিলটি আরও বাড়ানো হোক। কিন্তু দুর্ভাগ্যজনক যে আমরা উন্নত দেশগুলার কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি না।’
এএফপির প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রতিবেশী মিয়ানমারে ২০১৭ সালে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর দেশটির সেনাবাহিনীর নির্মম অভিযানের কারণে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসেছে। এ অভিযানকে যুক্তরাষ্ট্র গণহত্যা বলে বর্ণনা করেছিল।
প্রধানমন্ত্রী বলেন, ‘যতক্ষণ তারা আমাদের দেশে আছে, আমরা মনে করি, এটি আমাদের দায়িত্ব। কিন্তু বাংলাদেশি আশ্রয়দাতাদের ধৈর্য কমে আসছে।’
রোহিঙ্গাদের কারণে আশ্রয় দেওয়া স্থানীয় জনগণকে যথেষ্ট ভোগান্তিতে পড়তে হয়েছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমি বলব না যে তারা ক্ষুব্ধ, তবে তারা অস্বস্তি বোধ করছে।’ তিনি বলেন, ‘সব বোঝাই আমাদের ওপর এসে পড়ছে। এটাই সমস্যা।’
সাক্ষাৎকারে শেখ হাসিনা বলেন, ‘রোহিঙ্গাদের জন্য খোলা জায়গা দেওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। তারা নিজেদের দেশে ফিরে যেতে চায়। আর এটাই সবার মূল অগ্রাধিকার। কেউ যদি তাদের নিতে চায়, তারা নিতে পারে।’