
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিদর্শন করেছে ভারতের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল। এই প্রতিনিধিদলে ভারতের বিভিন্ন রাজ্যের ১৮টি বিভিন্ন একাডেমিক ইনস্টিটিউটের সদস্য রয়েছেন।
ভারতীয় প্রতিনিধিদলের প্রধান হিসেবে ছিলেন ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের শিক্ষাবিষয়ক টাস্কফোর্সের প্রধান সত্যম রায় চৌধুরী। তিনি কলকাতার সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর ও টেকনো ইন্ডিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিদর্শনকালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং ইন্টারন্যাশনাল অনলাইন ইউনিভার্সিটির সঙ্গে ৫টি চুক্তি স্বাক্ষর করেন অতিথিরা। এই সফর ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল পরিবার এবং পরিদর্শনকারী সংস্থাগুলোর মধ্যে শক্তিশালী বন্ধন তৈরি করবে।
পরিদর্শনকালে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মো. সবুর খান, উপাচার্য এম লুৎফর রহমান, সহ–উপাচার্য এস এম মাহবুব উল হক মজুমদারসহ অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।