বিদ্যুৎ নিয়ে অভিযোগ জানানো যাবে ১৬৯৯৯ হটলাইনে

বিদ্যুৎ খাতের সমন্বিত গ্রাহকসেবা ব্যবস্থাপনা ও হটলাইন–১৬৯৯৯ উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ঢাকা, ২৪ আগস্ট
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদ্যুৎ খাতে গ্রাহকসেবার মান ক্রমাগত উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। তিনি বলেছেন, বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো সেবা প্রদানকারী সংস্থা। গ্রাহক সন্তুষ্টিই তাদের মূল লক্ষ্য হওয়া উচিত। কিন্তু যে চিত্র দেখা যায়, তা সন্তোষজনক নয়। ‘সক্রিয় গ্রাহকসেবা কেন্দ্র’ প্রতিটি দপ্তরেই থাকতে হবে।

আজ বৃহস্পতিবার রাজধানীর বিদ্যুৎ ভবনে ‘বিদ্যুৎ খাতের সমন্বিত গ্রাহকসেবা ব্যবস্থাপনা ও হটলাইন-১৬৯৯৯’ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী। তিনি বলেন, কোথাও থেকে কোনো অভিযোগ পেলে দ্রুততার সঙ্গে সমাধানের উদ্যোগ নিতে হবে। সমাধান করতে না পারলেও গ্রাহকদের তাৎক্ষণিকভাবে জানাতে হবে। পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) এলাকা থেকে অভিযোগ বেশি আসে। তাদের আরও সক্রিয় থাকতে হবে।

নসরুল হামিদ বলেন, আগামী বিশ্ব হলো প্রযুক্তির। প্রযুক্তির সহায়তা না নিলে পিছিয়ে পড়তে হবে। প্রযুক্তির সাহায্যে গ্রাহকদের অভিযোগ বিশ্লেষণ করে সেই নির্দিষ্ট এলাকা সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়া যাবে। তাই হটলাইন নম্বরটি বিদ্যুৎ বিল, ওয়েবসাইটে ও মোবাইলে এসএমএস পাঠিয়ে ব্যাপক প্রচারের ব্যবস্থা করতে হবে। এ রকম হটলাইন, মোবাইল অ্যাড ও চ্যাটবটের মাধ্যমে গ্রাহকসেবা ও সেবাসংক্রান্ত তথ্য প্রদানের উদ্যোগকে স্বাগত জানান তিনি।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মো. মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব মো. হাবিবুর রহমান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ সেলিম উদ্দিন ও ঢাকা ইলেকট্রিক সাপ্লাই লিমিটেডের (ডেসকো) ব্যবস্থাপনা পরিচালক কাওসার আমীর আলী বক্তব্য দেন।