স্কুলছাত্রীর আত্মহত্যা: অকৃতকার্য করানোর অভিযোগ তদন্তে কমিটি

ঢাকার তেজগাঁওয়ের বহুতল ভবন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করা স্কুলছাত্রীকে পরীক্ষায় অকৃতকার্য করানোর অভিযোগ তদন্তে কমিটি গঠন হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অধীন পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর দুই সদস্যের এ তদন্ত কমিটি গঠন করেছে।

গতকাল মঙ্গলবার বিকেলে তেজগাঁও রেলস্টেশন সড়কের ১২ তলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে পারমিতা ফাইহা। সে হলিক্রস গার্লস হাইস্কুলের নবম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী ছিল।

পারমিতার মৃত্যুর পর অভিযোগ ওঠে, স্কুলের এক শিক্ষক তাকে বাসায় প্রাইভেট পড়তে বলেছিলেন। কিন্তু এতে সে রাজি না হওয়ায় প্রথম ও দ্বিতীয় সাময়িক পরীক্ষায় তাকে অকৃতকার্য করা হয়। পর পর দুবার অকৃতকার্য হওয়ায় স্কুলের অধ্যক্ষ পারমিতার অভিভাবকদের ডেকেছিলেন। এ নিয়ে পারমিতা অস্বস্তিতে ছিল।

এ অভিযোগের প্রেক্ষাপটে তদন্ত কমিটি গঠন করে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের পরিচালক অলিউল্লাহ আজমতগীর আজ বুধবার প্রথম আলোকে বলেন, এ কমিটি মূলত পরীক্ষায় ফেল করিয়ে দেওয়ার যে অভিযোগটি উঠেছে, সেটি তদন্ত করবে। এ জন্য সংশ্লিষ্ট উত্তরপত্র জব্দ করে এনে সেগুলো সংশ্লিষ্ট পরীক্ষককে দিয়ে পুনর্মূল্যায়ন করা হবে। কমিটি আগামী দু–তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে।

অভিযোগের বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি। পারমিতার পরিবারের বক্তব্যও পাওয়া যায়নি। তার বাবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে, সেটি বন্ধ পাওয়া যায়। পুলিশও পারমিতার পরিবারের কারও সঙ্গে যোগাযোগ করতে পারেনি। মেয়েটির লাশও খুঁজে পায়নি পুলিশ।

পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) রুবাইয়াত জামান প্রথম আলোকে বলেন, ‘মেয়েটি ছাদ থেকে লাফ দেওয়ার পর নিচে পড়ে যায়। গুরুতর অবস্থায় তার অভিভাবকেরা তাকে হাসপাতালে ভর্তি করে। আমরা যতটুকু জানতে পেরেছি, মেয়েটি হাসপাতালে মারা যায়। আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেননি। হাসপাতাল কর্তৃপক্ষও পুলিশকে কিছু জানায়নি।’

পারমিতার বাসায় লোক পাঠিয়েও কারও সঙ্গে যোগাযোগ করা যায়নি বলে জানান এডিসি রুবাইয়াত। তিনি বলেন, বাসা তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। যদি তাঁরা এসে অভিযোগ করেন, তবে অবশ্যই বিষয়টি খতিয়ে দেখা হবে।

লাশ পুলিশ উদ্ধার করেছে কি না জানতে চাইলে রুবাইয়াত জামান বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ বা মেয়েটির মা–বাবা পুলিশকে কিছু জানাননি। তার পরিবারের কারও সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি। একটি সূত্র থেকে জানা গেছে, লাশ গ্রামের বাড়ি নোয়াখালী বা অন্য কোথাও নিয়ে গেছে।

তেজগাঁও থানা-পুলিশ জানায়, স্কুল থেকে ফিরে পারমিতা নিজেদের বাসায় না ঢুকে সরাসরি ১২ তলা ভবনের ছাদে চলে যায়। সেখানে গিয়ে স্কুলের পোশাক পরা অবস্থায় ঝাঁপ দিয়ে নিচে পড়ে। এ সময় ভবনের পাশের মাঠে সরকারি বিজ্ঞান কলেজের কয়েকজন শিক্ষার্থী খেলছিল। পারমিতা ঝাঁপ দিতে যাচ্ছে বুঝতে পেরে তারা চিৎকার করে। এ কারণে মেয়েটি একবার ঝাঁপ দিতে গিয়েও দেয়নি। কিছুক্ষণ পর মেয়েটি ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। ঠিক কী কারণে পারমিতা ‘আত্মহত্যা’ করেছে, তা এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, পারমিতাকে উদ্ধার করে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে তাকে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পারমিতা পরিবারের সঙ্গে থাকত। তার বাবা একজন ব্যবসায়ী। তাঁরা তেজগাঁও রেলস্টেশন সড়কের একটি ভবনের দশমতলার একটি ফ্ল্যাটে থাকতেন।