হেলে পড়া চারতলা ভবনটিকে পরিত্যক্ত ঘোষণা

খাল খননের সময় হেলে পরে এ চারতলা ভবনটি। চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায়
ছবি: সৌরভ দাশ

চট্টগ্রাম নগরের ষোলশহর এলাকায় হেলে পড়া চারতলা ভবনকে পরিত্যক্ত ঘোষণা করেছে ফায়ার সার্ভিস।

আজ বুধবার সকালে চশমা খালের পাশে ফেরদৌস প্লাজা নামের ভবনটি হেলে পড়ে। ভবনের পাশে অবস্থিত চশমা খালে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় প্রতিরোধদেয়াল নির্মাণের জন্য খননকাজ চলছে। এ কারণে ভবনটি হেলে পড়েছে বলে দাবি করেন ভবনমালিক খোরশেদ আলম।

হেলে পড়ার পর ভবনে থাকা অফিস ও দোকানের মালামাল সরিয়ে নেওয়া হয়। দুপুরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা পরিদর্শন করে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন।
চারতলা ভবনের নিচতলায় দোকান, দোতলায় দাঁতের চিকিৎসকের চেম্বার, তৃতীয় তলায় আইটি ফার্ম ও প্রশিক্ষণকেন্দ্র এবং চতুর্থ তলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের ৩৫তম ব্যাচের অফিস রয়েছে।

হেলে পড়ার পর ভবনে থাকা অফিস ও দোকানের মালামাল সরিয়ে নেওয়া হয়েছে। দুপুরে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা পরিদর্শন করে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন।

ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মো. কবির হোসেন দুপুরের পর সাংবাদিকদের বলেন, তাঁরা পর্যবেক্ষণ করে দেখেছেন, ভবনটি ক্রমান্বয়ে হেলে পড়ছে। ইতিমধ্যে এক ফুটের বেশি কাত হয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে। তাই ভবনটি খালি করে পরিত্যক্ত ঘোষণা করেছেন। ভবনের অনুমোদন দেয় সিডিএ। তারাই ভবনটি অপসারণের ব্যবস্থা নেবে।

ভবনমালিক খোরশেদ আলম প্রথম আলোকে বলেন, এটা তাঁদের পারিবারিক ভবন। ১৯৮৬ সালে নকশা অনুমোদন নেওয়া হয়েছিল। সোয়া দুই কাঠার ওপর চারতলা ভবন নির্মাণ করা হয়েছিল ১৯৯০ সালে। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের জন্য তাঁদের ভবনের একাংশ ১০ দিন আগে ভেঙে ফেলা হয়। এখন যেটুকু আছে, তা-ও হেলে পড়েছে। তিনি আরও বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজে সতর্কতা অবলম্বন করা হলে এ ঘটনা ঘটত না। এখন ফায়ার সার্ভিসের নির্দেশনা অনুযায়ী ভবনের বিষয়ে সিদ্ধান্ত নেবেন তাঁরা।

আমরা পর্যবেক্ষণ করে দেখেছি, ভবনটি ক্রমান্বয়ে হেলে পড়ছে। ইতিমধ্যে এক ফুটের বেশি কাত হয়ে পড়েছে। যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে। তাই ভবনটি খালি করে পরিত্যক্ত ঘোষণা করেছি।
মো. কবির হোসেন, জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা, ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী স্টেশন

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) অথরাইজড কর্মকর্তা মোহাম্মদ হাসান প্রথম আলোকে বলেন, ভবনমালিক ভবনের নকশা থাকার দাবি করলেও কাগজপত্র দেখাতে পারেননি। ঝুঁকিপূর্ণ ভবনটি অপসারণের বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য সিটি করপোরেশনকে চিঠি দেওয়া হবে।

এদিকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেই নির্মাণকাজ করা হচ্ছে উল্লেখ করে জলাবদ্ধতা নিরসন প্রকল্পের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেডের লেফটেন্যান্ট কর্নেল ও প্রকল্প পরিচালক মো. শাহ আলী প্রথম আলোকে বলেন, সিডিএর নকশা অনুযায়ী কাজ না করার কারণে ভবনটি হেলে পড়েছে।

এর আগে ২০২১ সালের ২০ ডিসেম্বর রাতে নগরের মাদারবাড়ি এলাকায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজ চলাকালে খালের পাশের দুটি ভবন, একটি মন্দির ও একটি কাঁচা ঘর হেলে পড়েছিল। জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় অনেক খালে তিন হাজারের বেশি ভবনের অংশবিশেষ অপসারণ করা হয়েছে। যেসব ভবন নকশা অনুযায়ী করা হয়নি, সেগুলোতে সমস্যা হয়েছে। বাকিগুলো ঠিক আছে।