শুভ সকাল। আজ ১৪ আগস্ট, সোমবার। গতকাল রোববার প্রথম আলোর অনেক আলোচিত সংবাদ হয়তো আপনার চোখ এড়িয়ে গেছে। তাই আজ দিনের শুরুতেই পড়তে পারেন দেশ-বিদেশের আলোচিত পাঁচ খবর ও বিশ্লেষণ।

১৬ বছরে ১০ বার মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে জানিয়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোহাম্মদ আলী মিয়া। প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে শত শত শিক্ষার্থীকে মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। রোববার ঢাকায় সিআইডির সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক মোহাম্মদ আলী মিয়া এই তথ্য জানান।
বাবা মন্টু কুমার দাস রেলওয়েতে অ্যাটেনডেন্ট হিসেবে কাজ করছেন। তাঁর চাকরির বয়স প্রায় ৩০ বছর। চাকরিজীবন শুরু করেছিলেন খালাসি হিসেবে। ছেলে সজীব চন্দ্র দাসও রেলওয়ের কর্মকর্তা। তাঁর পদবি পরিচালক; চাকরির বয়স ৯ বছর। চাকরিক্ষেত্রে বাবার ‘বস’ ছেলের অনেক দিনের স্বপ্ন ছিল, বাবার সঙ্গে একই ট্রেনে একদিন দায়িত্ব পালন করবেন। অবশ্য প্রসঙ্গটি উঠলেই বাবা কপট রাগ দেখিয়ে বলতেন, ছেলের অধীন কাজ করার আগেই তিনি স্বেচ্ছায় অবসরে যাবেন। তবে হয়তো তিনিও তেমন একটা দিনের অপেক্ষায় ছিলেন। অবশেষে দিনটি এল। ১১ আগস্ট (শুক্রবার) বাবা ও ছেলে একই ট্রেনে দায়িত্ব পালন করলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে প্রায়ই একটি বার্তা দেখা যায়। সেখানে লেখা থাকে, ‘ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। বাজে পোস্ট করা হচ্ছে। দুঃখিত।’ মাঝে মাঝে লেখা হয়, ‘কেউ টাকা চাইলে দেবেন না।’ মানুষের সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচয় (আইডি বা প্রোফাইল) যে চুরি হয়, তা সবার জানা। কিন্তু অজানা হলো, টাকার বিনিময়ে এই হ্যাক করার (নিয়ন্ত্রণ নিয়ে নেওয়া) অবৈধ সেবা দিতে রীতিমতো ব্যবসা ফেঁদে বসেছে একাধিক চক্র।
যুক্তরাষ্ট্র ও ইরানের বৈরী সম্পর্ক দীর্ঘদিনের। একে অপরকে চাপে ফেলতে নানা সময়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে দুই দেশ। এরই মধ্যে চলতি সপ্তাহে সম্ভাব্য একটি চুক্তির বিষয়ে একমত হয়েছে ওয়াশিংটন ও তেহরান। ওই চুক্তির আওতায় যুক্তরাষ্ট্রের জব্দ করা ইরানের শত শত কোটি ডলারের সম্পদ ফিরিয়ে দেওয়া হবে। একই সঙ্গে বন্দিবিনিময় করবে দুই দেশ।
৮১৫। অন্তত গোলের হিসেবে এই সংখ্যার মধ্যেই লিওনেল মেসির ক্যারিয়ারের সব অর্জন। আবার এটাও ঠিক, ইন্টার মায়ামিতে মেসির পারফরম্যান্সও বুঝিয়ে দেওয়া যায় এই সংখ্যাতেই। কীভাবে? ভালো করে সংখ্যাটা দেখুন। মায়ামিতে মেসি এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে গোল করেছেন ৮টি, সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১ গোল। মায়ামিতে মেসির পারফরম্যান্সকে যদি এভাবে পাশাপাশি বসাই, গোল, অ্যাসিস্ট (গোল করানো) ও ম্যাচ, তাহলেই ওই সংখ্যাটা চলে আসে—৮১৫! ওহ, একটা বলাই হয়নি। এই ‘৮১৫’ আবার মেসির ক্যারিয়ারের মোট গোলসংখ্যা।