সংবাদ সম্মেলনে রোবোটিক সার্জারি নিয়ে অভিজ্ঞতা তুলে ধরেন চিকিৎসকেরা। গতকাল মঙ্গলবার রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে ইউনাইটেড হেলথকেয়ারে
সংবাদ সম্মেলনে রোবোটিক সার্জারি নিয়ে অভিজ্ঞতা তুলে ধরেন চিকিৎসকেরা। গতকাল মঙ্গলবার রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে ইউনাইটেড হেলথকেয়ারে

দেশে রোবোটিক সার্জারি শুরু করল ইউনাইটেড হেলথকেয়ার

দেশে রোবটের সহায়তায় রোগীর অস্ত্রোপচার শুরু হয়েছে। রাজধানীর ইউনাইটেড হেলথকেয়ারে রোবটের সহায়তায় দুজন রোগীর অস্ত্রোপচার হয়েছে। এর মধ্য দিয়ে চিকিৎসাক্ষেত্রে বিশ্বের সঙ্গে তাল মেলাতে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

গত সোমবার ইউনাইটেড হেলথকেয়ারে রোবটের সহায়তায় অস্ত্রোপচার করে একজন পুরুষ রোগীর পিত্তথলি অপসারণ করেন অধ্যাপক রফিকুস সালেহীন। একই দিনে স্ত্রীরোগ বিভাগের চিকিৎসক অধ্যাপক সামসাদ জাহান রোবটের সহায়তায় একজন নারী রোগীর জরায়ু অপসারণ করেন। রোবটের সহায়তায় এ ধরনের অস্ত্রোপচার দেশে এর আগে হয়নি।

গতকাল মঙ্গলবার রাজধানীর মাদানী অ্যাভিনিউয়ে ওই হাসপাতালে আয়োজিত সংবাদ সম্মেলনে দাবি করা হয়, দেশে প্রথম রোবোটিক সার্জারি বা রোবটের সহায়তায় অস্ত্রোপচার শুরু করল ইউনাইটেড হেলথকেয়ার। ইউনাইটেড হেলথকেয়ার ইউনাইটেড গ্রুপের একটি অঙ্গপ্রতিষ্ঠান।

সংবাদ সম্মেলনে ওই প্রতিষ্ঠানের রোবোটিক সার্জারি বিভাগের কনসালট্যান্ট অধ্যাপক রফিকুস সালেহীন বলেন, বাংলাদেশ প্রযুক্তিতে পিছিয়ে। বর্তমান বিশ্বে রোবটের সহায়তায় অস্ত্রোপচার খুব বড় ঘটনা নয়। বড় ঘটনা হচ্ছে, বাংলাদেশ বিশ্বের সঙ্গে সমান্তরালভাবে এই সেবায় যুক্ত হতে পারল।

তিন দশকের স্ত্রীরোগ চিকিৎসার অভিজ্ঞতা বর্ণনা করে অধ্যাপক সামসাদ জাহান বলেন, দেশে জটিল কিছু অস্ত্রোপচার করা সম্ভব হতো না। রোবটের সহায়তায় সেসব অস্ত্রোপচার সম্ভব। ইউনাইটেড হেলথকেয়ারের উদ্যোগের ফলে চিকিৎসকদের অপেক্ষার অবসান ঘটেছে।

চিকিৎসকেরা জানান, ‘রোবোটিক সার্জারি’ ও রোবটের সহায়তায় অস্ত্রোপচার একই বিষয়। এখানে সার্জন বা শল্যচিকিৎসকই প্রধান, তাঁর কাজটিকে সহায়তা করে রোবট। এতে অস্ত্রোপচার স্থানের ক্ষত তুলনামূলকভাবে ছোট হয়, রক্ত কম ঝরে, অস্ত্রোপচার সুনির্দিষ্টভাবে করা যায় এবং আশপাশের টিস্যুর ক্ষতি কম হয়।

অনুষ্ঠানে জানানো হয়, এই অস্ত্রোপচারে অংশ নিয়েছেন চিকিৎসক ও নার্সদের দল। চিকিৎসকদের চারজনের একটি দল এবং বেশ কয়েকজন নার্স চীন থেকে রোবোটিক সার্জারির ওপর প্রশিক্ষণ নিয়েছেন। গত ডিসেম্বর থেকে চিকিৎসকেরা এ বিষয়ে নিয়মিত চর্চা করেছেন। সোমবার অস্ত্রোপচারের সময় চীন ও ভারতের বিশেষজ্ঞ চিকিৎসকেরা অস্ত্রোপচারকক্ষে উপস্থিত ছিলেন।

সাংবাদিকেরা জানতে চান রোবোটিক সার্জারিতে খরচ কেমন পড়বে। এ প্রশ্নের সরাসরি কোনো উত্তর দেননি সংবাদ সম্মেলনের আয়োজকেরা। অধ্যাপক রফিকুস সালেহীন বলেন, হাসপাতালে সাধারণভাবে যে অস্ত্রোপচার হয় তার চেয়ে দুই, আড়াই বা তিন গুণ বেশি খরচ পড়বে। এখন যে অস্ত্রোপচার ১ লাখ ২০ হাজার টাকায় করা হচ্ছে, তার খরচ হয়তো পড়বে সাড়ে তিন লাখ বা চার লাখ টাকা। তবে একই অস্ত্রোপচারের খরচ অন্য দেশে আরও অনেক বেশি।

অনুষ্ঠানে বলা হয়, গত সোমবার সরকার ইউনাইটেড হেলথকেয়ারকে রোবোটিক সার্জারির আনুষ্ঠানিক অনুমোদন দেয়। অনুমতি পাওয়ার দেড় ঘণ্টা পরই তারা প্রথম অস্ত্রোপচার শুরু করে।

সংবাদ সম্মেলনের স্বাগত বক্তব্যে ইউনাইটেড হেলথকেয়ার স্বাস্থ্যসেবা বিভাগের পরিচালক আজহারুল ইসলাম খান বলেন, অস্ত্রোপচার হওয়া দুজন রোগী ভালো আছেন। তিনি বলেন, রোবটগুলো রক্ষণাবেক্ষণের খরচ অনেক বেশি।

জনস্বাস্থ্যবিদ এবং সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানের সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা মুশতাক হোসেন প্রথম আলোকে বলেন, ‘এটি ভালো খবর, ইতিবাচক ঘটনা। আমরা কেন আধুনিক চিকিৎসা থেকে পিছিয়ে থাকব? চিকিৎসার ক্ষেত্রে বিশ্বের সঙ্গে তাল মেলাতে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল। তবে সতর্ক থাকতে হবে, কারণ রোবটও ভুল করে। এ জন্য নিবিড় পর্যবেক্ষণ ও তদারকি খুব জরুরি।’

জুলাই অভ্যুত্থানের পর আহতদের চিকিৎসায় চীন সরকার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে বেশ কিছু রোবট ও কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত রোবট দেয়। এসব রোবট মূলত আহতদের ফিজিওথেরাপির কাজে ব্যবহৃত হচ্ছে। দেশের আরও একটি বড় হাসপাতাল রোবট এনেছে, তারাও শিগগিরই রোবোটিক সার্জারি শুরু করতে যাচ্ছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনাইটেড হেলথকেয়ারের বিজনেস ডেভেলপমেন্টের সহকারী মহাব্যবস্থাপক আরিফুল হক। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান এ কিউ এম মোহসীন ও হৃদরোগ বিভাগের অধ্যাপক মোফাসসাল উদ্দিন আহমেদ।