
দেশে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে প্রধান লক্ষ্যবস্তু করছে মানব পাচারকারীরা। পাচারের শিকার ব্যক্তিদের অর্ধেকের বেশি জীবিকার প্রয়োজনে পাচারকারীদের ফাঁদে পা দেন। জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারাও পাচারের শিকার হচ্ছেন।
মাদক নিয়ন্ত্রণ ও অপরাধ প্রতিরোধে কাজ করা জাতিসংঘের সংস্থা ইউএনওডিসি, ইউরোপীয় ইউনিয়ন ও বাংলাদেশ সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত প্রথম জাতীয় মানব পাচারবিষয়ক গবেষণায় এই চিত্র উঠে এসেছে। আজ রোববার ঢাকার সোনারগাঁও হোটেলে এক অনুষ্ঠানে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়।
গবেষণায় দেখা গেছে, মানব পাচারকারীদের ফাঁদে পা দেওয়া ব্যক্তিদের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক মানুষ জীবিকার তাগিদে এই পথে যান। বিশেষ করে রংপুর অঞ্চলের পাঁচ জেলা, বান্দরবান, কিশোরগঞ্জ, মাগুরা ও জামালপুর জেলার বাসিন্দাদের লক্ষ্যবস্তু বানিয়ে বিদেশে পাচার করা হচ্ছে। বৈধভাবে শ্রমিক হিসেবে বিদেশে যেতে অনেক বেশি অর্থ খরচ করতে হয়। কিন্তু দরিদ্র মানুষের সেই অর্থ না থাকায় তাঁরা দালালের খপ্পরে পড়ে পাচারের শিকার হচ্ছেন।
বাংলাদেশ থেকে মানব পাচারের কারণ ও ঝুঁকিগুলো চিহ্নিত করার পাশাপাশি গবেষণা প্রতিবেদনে কিছু সুপারিশও করা হয়েছে। যেসব সমস্যা চিহ্নিত করা হয়েছে সেগুলোর সমাধানে উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে। অপরাধ দমনে শক্তিশালী প্রতিরোধব্যবস্থা গড়ে তোলা, ভুক্তভোগীদের আইনি সুরক্ষা নিশ্চিত করা, বৈধ ব্যবস্থার সুযোগ নিয়ে মানব পাচার ও জোরপূর্বক শ্রম বন্ধ করতে কৌশলপত্র প্রণয়ন করার সুপারিশ করা হয়েছে।
এর আগে ইউএনওডিসির ২০২০ সালের মানব পাচারবিষয়ক বৈশ্বিক প্রতিবেদনে উঠে আসে, বাংলাদেশ থেকে পাচারের শিকার হওয়া ব্যক্তিদের ৫১ শতাংশ জীবিকার প্রয়োজনে পাচারকারীদের ফাঁদে পা দেন। গবেষণায় ইউএনওডিসির ওই প্রতিবেদনের তথ্যউপাত্ত ব্যবহার করা হয়েছে। প্রতিবেদনের বরাত দিয়ে বলা হয়, দক্ষিণ আমেরিকা, পূর্ব আফ্রিকা, উত্তর আমেরিকা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে মানব পাচারের শিকার বাংলাদেশিদের দেখা গেছে।
গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। তিনি বলেন, বর্তমানে মানব পাচার বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। মানব পাচারে সক্রিয় দালাল চক্র অনলাইন ও অফলাইনে সক্রিয় রয়েছে। তারা নানা ধরনের প্রযুক্তি ব্যবহার করে মানুষকে ফাঁদে ফেলে পাচার করছে। অনেক ক্ষেত্রে নারী ও শিশুদের পাচারের পর যৌনকর্মে বাধ্য করা হচ্ছে তাঁদের। ভুক্তভোগীদের আইনি সুরক্ষা দেওয়ার বিষয়ে সরকার চেষ্টা করছে। এ গবেষণায় দেশের মানব পাচার পরিস্থিতি নিয়ে যেসব তথ্য রয়েছে, যেসব সমস্যা চিহ্নিত করা হয়েছে, সেগুলো সমাধানে ভবিষ্যতে কর্মপরিকল্পনা করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ বলেন, মানব পাচার কীভাবে করা হয়—সেটি এই গবেষণায় চিহ্নিত করা হয়েছে। এখন এসব সমস্যা সমাধান কীভাবে করা যাবে, তা খুঁজে বের করতে হবে। মানব পাচারের শিকার ব্যক্তিদের একটি বড় অংশই ইউরোপে যান। ইউরোপের সব দেশের সঙ্গে বাংলাদেশের মানবসম্পদ রপ্তানির বিষয়ে কোনো চুক্তি নেই। তবে গ্রিসের সঙ্গে চুক্তি আছে। সেখানে বৈধভাবে মানবসম্পদ রপ্তানির সুযোগ তৈরি হয়েছে। যাঁরা অবৈধভাবে আছেন, তাঁদের বিষয়েও একটা সমঝোতা হয়েছে।
অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেন, তথ্য সংগ্রহ ও বিশ্লেষণ বিভিন্ন কারণে গুরুত্বপূর্ণ। এর ফলে মানব পাচারের উৎস দেশ নির্ধারণ, মানব পাচারের ঝুঁকির কারণ ও অভিবাসীদের পাচার হওয়ার প্রবণতা সম্পর্কে জানা সম্ভব হয়। গবেষণায় এসব বিষয় উঠে এসেছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আখতার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুছ সালেহীন বক্তব্য দেন।
বাংলাদেশ সরকারের সহযোগিতায় ইউরোপীয় ইউনিয়নের গ্লোবাল অ্যাকশন অ্যাগেইনস্ট ট্রাফিকিং ইন পার্সন অ্যান্ড স্মাগলিং অব মাইগ্র্যান্টস প্রজেক্ট এবং ইউএনওডিসির ট্রেন্ড অ্যানালাইসিস শাখার সহায়তায় গবেষণাটি পরিচালিত হয়।