বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের সদস্য ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপহারসামগ্রী তুলে দেন। ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬
বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের সদস্য ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা অনুষ্ঠানে উপহারসামগ্রী তুলে দেন। ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬

বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, কিলো ফ্লাইটের সদস্য ও উত্তরাধিকারীদের সংবর্ধনা

মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের সদস্য ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। সোমবার ঢাকার তেজগাঁওয়ে বিএএফ শাহীন হলে আয়োজিত অনুষ্ঠানে মোট ৩৬ জনকে এই সংবর্ধনা দেওয়া হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধে কিলো ফ্লাইট এবং বিমানবাহিনীর অন্য সদস্যদের অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে। তাঁদের প্রাপ্য সম্মানের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়। বিমানবাহিনীর প্রধান হাসান মাহমুদ খাঁন অনুষ্ঠানে সংবর্ধনাপ্রাপ্তদের সঙ্গে কুশল বিনিময় করেন, উপহারসামগ্রী দেন এবং স্বাগত বক্তব্য দেন। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের। তিনি উল্লেখ করেন, মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মাত্র তিনটি বিমান নিয়ে যে বিমানবাহিনীটির জন্ম হয়েছিল, তা আজ অত্যাধুনিক যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, বিভিন্ন ধরনের রাডার, ক্ষেপণাস্ত্র, এমনকি ওভারহলিং প্রযুক্তিতে সমৃদ্ধ। অপারেশনাল ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অনেকগুলো প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং বেশ কিছু প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।

বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের সদস্য ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন। ঢাকা, ২৩ নভেম্বর ২০২৬

খেতাবপ্রাপ্ত বিমানবাহিনীর মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যদের সাহসী অবদান ও আত্মত্যাগ বিমানবাহিনীর বর্তমান সদস্যদের দেশপ্রেমে অনুপ্রাণিত করে। সংবর্ধনা অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসাররাসহ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিভিন্ন ঘাঁটির বিমানসেনারা উপস্থিত ছিলেন।